শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বরখাস্ত করুনঃ জিয়াউদ্দিন বাবলু

0

সিটি নিউজ ডেস্কঃঃ  জাতীয় সংসদে জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি ব্যর্থতা, দুর্নীতি ও অনিয়ম স্বীকার করে শিক্ষামন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেছেন, তিনি পদত্যাগ না করলে তাকে বরখাস্ত করুন।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারী) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু এ আহ্বান জানান।

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস মহামারি আকারে রূপ নিয়েছে। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে তাকে বরখাস্ত করে নতুন মন্ত্রী নিয়োগ দিতে হবে। প্রধানমন্ত্রীকে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়ে বাবলু বলেন, প্রশ্নপত্র ফাঁস নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল- প্রশ্নপত্র ফাঁসকারীকে ধরিয়ে দিতে পারলে তাকে ৫ লাখ টাকা পুরস্কৃত করা হবে। অথচ আজও ইংরেজি প্রশ্ন ফাঁস হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। বিভিন্ন সাইটে প্রশ্নপত্র বিজ্ঞপ্তি দেয়া হচ্ছে।

তিনি বলেন, এই কয়েক বছরে আমাদের অনেক অর্জন হয়েছে। আমরা সত্যিকার শিক্ষা চাই। প্রধানমন্ত্রী চান জ্ঞানভিত্তিক সমাজ। কিন্তু আগামী প্রজন্মকে যদি সত্যিকার শিক্ষায় শিক্ষিত করতে না পারি, তাহলে তো কিছুই শিখবে না। এই শিক্ষা অর্থহীন হবে।

এসময় তিনি বলেন, কয়েক দিন আগে শিক্ষামন্ত্রী শিক্ষা অধিদপ্তরের এক অনুষ্ঠানে বলেছেন- আপনারা ঘুষ খান সহনীয় পর্যায়ে। তিনি আরও বলেছেন আমিও ঘুষ খাই, অন্য মন্ত্রীরাও ঘুষ খান। এটা বলার পরে উনি মন্ত্রী হিসেবে থাকতে পারেন কিনা প্রশ্ন রাখেন?

যে মন্ত্রী সহনীয় পর্যায়ে ঘুষ খেতে বলেন, তিনি প্রশ্নপত্র ফাঁস ঠেকাবেন কিভাবে। উনার উচিত ছিল সেদিনই পদত্যাগ করা। প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন তিনি।

এসময় তার বক্তব্যের শেষে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া নিশ্চয়ই প্রধানমন্ত্রী বিষয়টি শুনেছেন, তিনি তার বিবেচনায় জাতির স্বার্থে যতটুকু করা প্রয়োজন, অবশ্যই তিনি করবেন বলে সংসদ সদস্যকে আশ্বস্ত করেন।

এর আগেও গত ২০১৬ সালের ২৩ জুন জাতীয় সংসদে আর্থিক প্রতিষ্ঠানের লুটপাট ও শেয়ারবাজার ধসের ঘটনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ দাবী করেছিলেন জাতীয় পার্টির সংসদ সদস্য সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.