রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

0

সিটি নিউজ ডেস্কঃঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি ও ভ্যাটিকান সিটিতে চারদিনের সরকারি সফর শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরেছেন।
ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইট রাত সোয়া ৮টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।

এরআগে, প্রধানমন্ত্রী স্থানীয় সময় বেলা ১টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ইউএই-তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. ইমরান ও আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

রোম থেকে ফেরার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএই’র রাজধানী আবুধাবিতে দু’দিন যাত্রাবিরতি করেন। ইতালিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) গভর্নিং কাউন্সিলের বার্ষিক বৈঠকে যোগ দেন। ইফাদ প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুয়াংবো’র আমন্ত্রণে প্রধানমন্ত্রী এ সফরে যান।

পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী হলি সি (ভ্যাটিকান সিটি) সফরে যান। সেখানে তিনি পোপ এবং ভ্যাটিকান সিটির সেক্রেটারি স্টেট কার্ডিনাল পিয়েট্রো প্যারোলিনের সঙ্গে বৈঠকে মিলিত হন।

ইফাদ গভর্নিং কাউন্সিলের বৈঠকে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফাদ প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুয়াংবো এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক ডেভিড বিসলের সঙ্গে বৈঠকে মিলিত হন।

প্রধানমন্ত্রী রোমে একটি গণসংবর্ধনায়ও যোগ দেন। বাংলাদেশ আওয়ামী লীগ রোম শাখা এ সংবর্ধনার আয়োজন করে।
প্রধানমন্ত্রীর এ সফরকালে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ৬টি জেলায় দুস্থ গ্রামীণ জনগণের উন্নয়নে বাংলাদেশ ও ইফাদের মধ্যে ৯২ দশমিক ০৩ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়।

এ সময় প্রধানমন্ত্রীকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা। খবর বাসস।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.