একদলীয় নির্বাচন করে ক্ষমতা ধরে রাখতে খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছে সরকারঃ ফখরুল
সিটি নিউজ ডেস্কঃঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,খালেদা জিয়া গণতন্ত্র ও দেশের মানুষের অধিকারের জন্য আন্দোলন করছেন।
তাই তাঁকে সরকারের ভয়,তাঁরা চায়,খালেদা জিয়াকে কারাগারে রেখে আবারও একটি ষড়যন্ত্রমূলক একদলীয় নির্বাচন করে ক্ষমতা ধরে রাখতে। খালেদা জিয়া বাইরে থাকলে আওয়ামী লীগ নির্বাচনে বিজয়ী হতে পারবে না।
আর সে জন্যই নিজেদের একদলীয় শাসনকে দীর্ঘায়িত করতেই মিথ্যা, সাজানো ও জাল-জালিয়াতি করে তৈরি করা মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমান সরকার আগামী নির্বাচনে নিজেদের পরাজয়ের ভয়ে খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে।
আজ সোমবার (১৯ ফেব্রুয়ারী) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি দেশের কোনো মানুষ ভোট দিতে যায়নি। আওয়ামী লীগ অবৈধভাবে বিনা ভোটে ক্ষমতা দখল করেছে। এরপর দেশের সব প্রতিষ্ঠানকে নিজেদের করায়ত্ত করেছে।
দেশের মানুষের শেষ আশ্রয়স্থল বিচারালয়কেও এ সরকার নিজেদের করায়ত্ত করে রেখেছে। প্রধান বিচারপতিকেও অন্যায়ভাবে দেশ ছাড়তে বাধ্য করেছে।
মহিলা দলের নেতাকর্মীদের রাজপথে আন্দোলনে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেত্রী শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলেছেন। আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাঁকে মুক্ত করে আনব।’
মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান প্রমুখ।
