বিশ্বে রেমিটেন্স অর্জনকারী দেশ হিসেবে বাংলাদেশ নবম

0

অর্থ ও বাণিজ্য, সিটি নিউজ :: সারা বিশ্বে রেমিটেন্স অর্জনকারী দেশ হিসেবে বাংলাদেশ নবম অবস্থানে রয়েছে।

অভিবাসন ও প্রবাসী-আয় নিয়ে সোমবার (২৩ এপ্রিল) বিশ্বব্যাংকের প্রকাশিত ‘মাইগ্রেশন অ্যান্ড রেমিটেন্স : রিসেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড আউটলুক’-২০১৮ শীর্ষক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। শীর্ষ ৩০ দেশের রেমিটেন্স প্রবাহের চিত্র রয়েছে বিশ্বব্যাংকের এ প্রতিবেদনে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশে ১ হাজার ৩৫০ কোটি ডলার পাঠিয়েছেন বিদেশে বসবাসরত বাংলাদেশিরা। আর সবচেয়ে বেশি রেমিটেন্স সৌদি আরব থেকে এসেছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমানে প্রায় ৭৮ লাখ বাংলাদেশি বাস করেন। তারাই এ বিপুল পরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন।

বাংলাদেশ পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ, যে দেশের এত বিপুল-সংখ্যক প্রবাসী রয়েছে।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, সারা বিশ্বে এখন সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠান প্রবাসী ভারতীয়রা। তারা এ বছর মোট ৬ হাজার ৯০০ কোটি ডলার নিজ দেশে পাঠিয়েছেন। বর্তমানে ১ কোটি ৬৪ লাখ ভারতীয় বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন। প্রতিবেদন অনুযায়ী, ভারত বিশ্বের সর্বোচ্চ রেমিটেন্স অর্জনকারী দেশ।

রেমিটেন্স পাঠানোর এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চীন। চীনের সর্বশেষ ২০১৭ সালের হিসাব অনুযায়ী দেশটিতে এক বছরে রেমিটেন্স এসেছে ৬ হাজার ৪০০ কোটি ডলার। বিশ্বের সবচেয়ে বেশি রেমিটেন্স অর্জনকারী দেশের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ফিলিপাইন। সর্বশেষ হিসাবে দেশটিতে ১ বছরে ৩ হাজার ৩০০ কোটি ডলার রেমিটেন্স এসেছে।

তালিকার চতুর্থ স্থানে রয়েছে মেক্সিকো (৩ হাজার ১০০ কোটি ডলার), পঞ্চম স্থানে নাইজেরিয়া (২ হাজার ২০০ কোটি ডলার), ষষ্ঠ স্থানে মিসর (২ হাজার কোটি ডলার), সপ্তম স্থানে পাকিস্তান (২ হাজার কোটি ডলার), অষ্টম স্থানে ভিয়েতনাম (১ হাজার ৪০০ কোটি ডলার) ও ৯০০ কোটি ডলার নিয়ে দশম ইন্দোনেশিয়া।

প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, ২০১৭ সালে প্রবাসী আয় ঘুরে দাঁড়িয়েছে। আলোচ্য সময়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কুয়েত, মালয়েশিয়া থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.