সিটি নিউজ ডেস্কিঃ সুইডেনের রাষ্ট্রদূত মিজ শারলোটা স্লাইটার বলেছেন মিয়ানমার রাখাইন রাজ্যের রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নিতে সেদেশের সরকারের ওপর চাপ তৈরি করবে সুইডেন সরকার।
বুধবার (৩ জুলাই) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে এক সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত মিজ শারলোটা স্লাইটার একথা জানান।
তিনি বলেন, বাংলাদেশ সরকারকে এ সংক্রান্ত সহযোগিতা দিতে সুইডেন সরকার তার কার্যক্রম অব্যাহত রাখবে।
এ সময় রাষ্ট্রদূত, আগামী ফেব্রুয়ারিতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের অংশগ্রহণে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিতব্য ‘থার্ড গ্লোবাল মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন রোড সেফটি’ সম্মেলনে যোগ দিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
সাক্ষাতকালে রাষ্ট্রদূত রাজধানীতে গণপরিবহনের সক্ষমতা বাড়াতে মানসম্পন্ন সুইডিস বাস সরবরাহে আগ্রহ প্রকাশ করেন।
