চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
সিটি নিউজঃ আজ ১৬ ডিসেম্বর বাঙালি জাতির মহান বিজয় দিবস। এই বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রামের সর্বস্তরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদ মিনারে আসা মানুষের কারও হাতে ব্যানার, কারও হাতে প্ল্যাকার্ড, আবার কেউ নিয়েছেন স্বাধীন বাংলার লাল সবুজ পতাকা, সবাই যেন মিলেছেন এক মোহনায়, এক স্রোতে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষের স্রোত যেন মিশে গেছে সেই একই মোহনায়। মুহুর্মহ ধ্বনিতে উদ্বেলিত হচ্ছিল নতুন প্রজন্ম। জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হচ্ছিল শহীদ মিনার এলাকা।
আজ সকাল ৬টা ২৮ মিনিটে প্রথমে শহীদ মিনারে ফুল দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল স্বনির্ভর দেশ। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেলও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ফুল দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, ডিআইজি চট্টগ্রাম খন্দকার গোলাম ফারুক, পুলিশ কমিশনার মাহাবুবর রহমান, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, পুলিশ সুপার নুরে আলম মিনা, নগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোজাফফর আহমদ প্রমুখ।
এর আগে সশস্ত্র অভিবাদন জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল।
দেখতে দেখতে সর্বস্তরের মানুষে লোকারণ্য হয়ে যায় শহীদ মিনার এলাকা। ফুলে ফুলে ভরে যায় শহীদ বেদি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু, বিজয়ের এ দিনে মুজিব তোমায় মনে পড়ে, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, লাল সবুজের পতাকায় মুজিব তোমায় দেখা যায় ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয় শহীদ মিনার এলাকা।
মেয়র আ জ ম নাছির উদ্দীন সাংবাদিকদের বলেন, আজ ষোলই ডিসেম্বর। বাঙালি জাতির গৌরবের দিন। দিবসটি স্মরণীয় করে রাখতে চট্টগ্রামে বর্ণাঢ্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়েছেন। এ স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। ৩০ লাখ বাঙালি প্রাণ দিয়েছেন। ২ লাখ মা বোন সম্ভ্রম হারিয়েছেন। আমরা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।
আজকের কেন্দ্রীয় শহীদ মিনারের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
নগর পুলিশের উপ কমিশনার আরেফিন জানান, এবার চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সোয়াড, সিটি এসবি, ডিবি, ইউনিফর্ম পুলিশ মিলে ২৫০ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর বাইরে বিভিন্ন সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুরো এলাকা।
