মেজর সিনহার সহযোগী শিপ্রা দেবনাথের জামিন

0

সিটি নিউজঃ কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের পর মাদক মামলায় গ্রেফতার শিপ্রা দেবনাথ জামিনে মুক্তি পেয়েছেন।

আজ রবিবার (৯ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে বেরিয়ে আসেন শিপ্রা। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন।

শিপ্রা দেবনাথের আইনজীবী আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘মহিলা বিবেচনায় মামলার প্রতিবেদন না দেয়া পর্যন্ত তাকে (শিপ্রাকে) জামিন দিয়েছে আদালত।’

এদিকে, ওই ঘটনায় পুলিশের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাহেদুল ইসলাম সিফাতের জামিনের আবেদনের শুনানি সোমবার হবে বলে তিনি জানান।

এর আগে রামু থানায় দায়ের করা মামলায় দুপুর ১টার দিকে শিপ্রার জামিন আবেদন মঞ্জুর করেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক দেলোয়ার হোসেন।

মেজর সিনহার অপর সহযোগী সাহেদুল ইসলাম সিফাতের জামিন আবেদনের শুনানির দিন আগামীকাল সোমবার (১০ আগস্ট) নির্ধারণ করা হয়েছে। তারা দুজনই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী। শিপ্রা দেবনাথের বাড়ি কুষ্টিয়ার মিরপুর থানা এলাকায়। মা-বাবাকে নিয়ে ঢাকার রামপুরা এলাকার একটি ভাড়া বাসায় থাকেন তিনি।

এছাড়া টেকনাফের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সিফাতের জামিন আবেদন করা হলে আগামীকাল শুনানির দিন ধার্য করা হয় বলে জানিয়েছেন সিফাতের আইনজীবী মাহাবুবুল আলম দিপু।

৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান। গত বুধবার তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস ৯ পুলিশ সদস্যকে আসামি করে আদালতে মামলা করলে মামলাটি টেকনাফ থানা পুলিশের ওসিকে নথিভুক্ত করার আদেশ দেন বিচারক। একই সঙ্গে র‌্যাব-১৫ এর কমান্ডারকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন আদালত। বৃহস্পতিবার বিকেলে এই মামলায় ওসি প্রদীপসহ সাত আসামি আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমানে সবাই কক্সবাজার জেলা কারাগারে। এরই মধ্যে মামলার ১, ২ ও ৩ নম্বর আসামির সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত ৩ জুলাই নিহত সিনহা মো. রাশেদ খানের সাথে কক্সবাজারে ডকুমেন্টারি তৈরির কাজ করছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির তিনজন শিক্ষার্থী শিপ্রা দেবনাথ, সাহেদুল ইসলাম সিফাত এবং তাহসিন রিফাত নূর।

এদের মধ্যে তাহসিন রিফাত নূরকে তাদের অভিভাবকের কাছে ছেড়ে দেয়া হয়েছে। পুলিশ সাহেদুল ইসলাম সিফাতের বিরুদ্ধে দুটি মামলা এবং শিপ্রা দেবনাথের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.