হেফাজতে ইসলাম (একাংশের) আমীর বাবুনগরী, মহাসচিব কাসেমী

0

সিটি নিউজঃ হেফাজত ইসলামের (একাংশের) সম্মেলনে জুনাইদ বাবুনগরীকে হেফাজতে ইসলামের আমির ও নূর হোসাইন কাসেমী মহাসচিব নির্বাচিত করা হয়েছে।

আজ রবিবার (১৫ নভেম্বর) সারা দেশ থেকে আসা প্রতিনিধিদের অংশ গ্রহণে প্রতিনিধি সম্মেলনে এই সংগঠনের ১৫১ নতুন কমিটি গঠন করা হয়েছে।

হেফাজতের কেন্দ্রীয় কার্যালয় হিসাবে পরিচিত চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় অনুষ্টিত সম্মেলনে প্রবীণ আলেমেদ্বীন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীকে প্রধান উপদেষ্টা করে ২৪ সদস্যের উপদেষ্টা কমিটিও গঠন করা হয়। নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন আল্লামা আজিজুল হক ইসলামাবাদী।

এই সম্মেলন ও কাউন্সিলে সারা দেশ থেকে আসা পাঁচ শতাধিক প্রতিনিধি হেফাজতের নতুন নেতৃত্ব নির্বাচন করেন। প্রতিষ্ঠাতা আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী গত ১৮ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। প্রতিষ্ঠাতা মহাসচিব হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরীর আল্লামা শফীর স্থলাভিষিক্ত হলেন। আগের কমিটিতে সহ-সভাপতি ছিলেন প্রবীণ আলেম নূর হোসাইন কাসেমী। প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে ১৫১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালের ১৯ জানুয়ারি গঠিত হয়েছিল ইসলামী সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ। হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার প্রধান পরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে আমির ও মাদরাসার তৎকালীন সিনিয়র মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মহাসচিব করে হেফাজতের ২২৯ সদস্যের মজলিসে শূরা কমিটি গঠন করা হয়েছিল সে সময়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.