সব পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চান মন্ত্রী

0

সিটিনিউজবিডি : মালয়েশিয়ায় বাংলাদেশি সব পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সব পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়া হলে দুদেশের বাণিজ্য ব্যবধান অনেক কমে আসবে।

বৃহস্পতিবার ঢাকার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত তিন দিনব্যাপী ‘৪র্থ শোকেস মালয়েশিয়া-২০১৫’ এর উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

বর্তমানে মাত্র ১৯টি বাংলাদেশি পণ্য মালয়েশিয়ার বাজারে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। মালয়েশিয়া ট্যারিফ ও নন-ট্যারিফ বাধা দূর করলে সেখানে বাংলাদেশি পণ্যের রপ্তানি অনেক বৃদ্ধি পাবে। পৃথিবীর অনেক দেশই বাংলাদেশকে এ ধরনের সুবিধা প্রদান করছে।

মন্ত্রী বলেন, গত অর্থবছরে বাংলাদেশ মালয়েশিয়া থেকে আমদানি করেছে ১২৮৭.৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। একই সময়ে বাংলাদেশ রপ্তানি করেছে মাত্র ১৪০.০৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে ১১৪৭.৪১ মিলিয়ন মার্কিন ডলার। এ বিপুল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে মালয়েশিয়ায় বাংলাদেশের বাণিজ্য সুবিধা প্রয়োজন।

বাণিজ্যমন্ত্রী বলেন, মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের পাট-পাটজাত পণ্য, মসলা, চামড়া- চামড়াজাত পণ্য, ওষুধ, আলু, শাক-সবজি, সিরামিক টেবিল ওয়্যার, হিমায়িত মাছ, তৈরি পোশাক, নিটওয়্যার, টেক্সটাইল ও হালাল খাদ্য পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। বাণিজ্য সুবিধার কারণে চীনের বাজারেও বাংলাদেশি পণ্যের রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে।

মন্ত্রী বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু রাষ্ট্র ও ব্যবসায়িক পার্টনার। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে মালয়েশিয়া বাংলাদেশকে সমর্থন দিয়ে আসছে। দেশটি বাংলাদেশের জনশক্তি রপ্তানির বড় বাজার। বাংলাদেশ মালয়েশিয়ার প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। মালয়েশিয়ার বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণীয় সুযোগ-সুবিধা দিচ্ছে।

বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট নাসির এ চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার নরলিন বিনতে ওথম্যান, এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট আব্দুল মতলুব আহমেদ এবং মেলার আয়োক কমিটির চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হোসেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.