প্রবাসী নতুন প্রজন্মকে ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ শোনাবেন প্রবাসী মুক্তিযোদ্ধারা
আমিরাত প্রতিনিধিঃ প্রবাসী নতুন প্রজন্মকে ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ শোনাবেন সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বীর মুক্তিযোদ্ধারা। নতৃন প্রজন্ম তথা প্রবাসী ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধের ইতিহাস শোনানোর ব্যবস্হা করার আশ্বাস দিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে আমিরাতে অবস্হানরত প্রবাসী বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস দেন তিনি।
এসময় রাষ্ট্রদূত আবুধাবীতে অবস্থিত বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রীদের মুক্তিযোদ্ধাদের মুখে মুক্তিযুদ্ধের ইতিহাস শোনার ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেন।
গত মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে আবুধাবীর বাংলাদেশ দূতাবাস কনফারেন্স রুমে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাকের হোসেন, বীর মুক্তিযোদ্ধা এ কে এম আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম নুরু ও প্রজন্ম বঙ্গবন্ধুর উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নাজিম উদ্দিন, প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক এম আবদুল মান্নান উপস্থিত ছিলেন। মান্যবর রাষ্ট্রদূতের সাথে প্রবাসী বীর মুক্তিযোদ্ধাদের সৌজন্য সাক্ষাতের কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা এস এম রফিকুল ইসলাম।
বীর মুক্তিযোদ্ধাবৃন্দ মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় রাষ্ট্রদূত বাল্যকালের নিজের চোখে দেখা মুক্তিযুদ্ধের স্মৃতি কথা তুলে ধরেন। মুক্তিযোদ্ধাবৃন্দ মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় ও স্মৃতি নিয়ে আলোচনা করেন।
তারা বলেন, দীর্ঘ ৫০ বছরের ইতিহাসে এই প্রথম প্রবাসে বসবাসরত বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের কোন রাষ্ট্রদূতের সাথে আনুষ্ঠানিকভাবে সৌজন্য সাক্ষাৎ করার সুযোগ পেলেন।
প্রজন্ম বঙ্গবন্ধুর সভাপতি এস এম রফিকুল ইসলাম আগামী বিজয় দিবসের অনুষ্ঠানে দূতাবাসের পক্ষ থেকে প্রবাসী বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়ার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান এবং প্রজন্ম বঙ্গবন্ধু পরিবারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে বলেও জানান।
সিটি নিউজ/ডিটি
