ঢাকা প্রতিনিধি, সিটিনিউজবিডিঃঃ রাজধানীর রূপগঞ্জে এয়ার সেপারেশন ইউনিট (এএসইউ) নির্মাণ করবে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। এ ইউনিট নির্মাণের জন্য ১২০ কোটি টাকা বা ১ দশমিক ৪৬ কোটি ইউরো বিনিয়োগ করবে এ প্রতিষ্ঠানটি। এই এয়ার সেপারেশন ইউনিটটি (এএসইউ) দৈনিক প্রায় ১০০ টন তরলীকৃত গ্যাস উৎপাদন করবে, যা বাংলাদেশে সর্ববৃহৎ। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর বনানীর হোটেল সারিনায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে বক্তব্য দেন লিন্ডে গ্যাসের সাউথ এশিয়ান বিজনেসের কান্ট্রি ক্লাস্টার হেড মলয় ব্যানার্জি ও লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইরফান শিহাবুল মতিন। লিন্ডে বাংলাদেশ লিমিটেড হলো আন্তর্জাতিক খ্যাতনামা লিন্ডে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান।
১৯৫০ সাল থেকে লিন্ডে গ্রুপ এ দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে তেজগাঁও, রূপগঞ্জ এবং শীতলপুরে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন খাতের প্রায় ৩৫ হাজার গ্রাহককে গ্যাস সেবা দেওয়া হচ্ছে।
