আইসিএবি পুরস্কার পেল ২৪ প্রতিষ্ঠান

0

অর্থবাণিজ্য ডেস্ক :: কোম্পানির আর্থিক প্রতিবেদনে জবাবদিহিতা ও স্বচ্ছতার ভিত্তিতে ২৪টি প্রতিষ্ঠানকে ‘১৫তম আইসিএবি ন্যাশনাল এ্যাওয়ার্ড-২০১৪’ দেওয়া হয়েছে। কোম্পানিগুলোর ২০১৪ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে৮টি ক্যাটাগরিতে এ পুরস্কার দিয়েছে পেশাদার হিসাববিদদের সংগঠন দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড এ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার রাতে বিজয়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রী বলেন, ‘পেশাদার হিসাববিদরা স্বচ্ছতা ও জবাবদিহিতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আর তাদের এ ভূমিকা অব্যাহত থাকলে দেশ থেকে অনিয়ম অনেক কমে যাবে। দেশের অর্থনীতি এগিয়ে যাবে।’
আট ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও সার্টিফিকেট অব মেরিট পুরস্কার হিসেবে মোট ২৪টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
বেসরকারি ব্যাংকিং খাতে প্রথম পুরস্কার পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। এ ছাড়া ব্যাংক এশিয়া দ্বিতীয় ও ইসলামী ব্যাংক বাংলাদেশ তৃতীয় পুরস্কার পেয়েছে। এ খাতে সার্টিফিকেট অব মেরিট পুরস্কার পেয়েছে প্রাইম, সাউথইস্ট ও সোস্যাল ইসলামী ব্যাংক।

আর্থিক সেবা খাতে প্রথম পুরস্কার পেয়েছে আইডিএলসি ফিন্যান্স লিমিটেড, দ্বিতীয় লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড ও সার্টিফিকেট অব মেরিট পুরস্কার পেয়েছে প্রাইম ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

উৎপাদন খাতে প্রথম পুরস্কার পেয়েছে গ্ল্যাক্সোস্মিথক্লেইন বাংলাদেশ লিমিটেড, দ্বিতীয় পুরস্কার ওরিয়ন ফার্মা লিমিটেড ও সামিট পাওয়ার লিমিটেড তৃতীয় পুরস্কার পেয়েছে। এ খাতে সার্টিফিকেট অব মেরিট পুরস্কার পেয়েছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেড।

যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে একমাত্র বিজয়ী হিসেবে পুরস্কার পেয়েছে গ্রামীণফোন লিমিটেড। এনজিও খাতে প্রথম পুরস্কার পেয়েছে সাজেদা ফাউন্ডেশন, দ্বিতীয় ব্র্যাক ও তৃতীয় পুরস্কার পেয়েছে উদ্দীপন বাংলাদেশ।
কৃষি খাতে একমাত্র বিজয়ী হিসেবে পুরস্কার পেয়েছে গ্লোল্ডেন হার্ভেস্ট এ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড।

বীমা খাতে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রথম ও দ্বিতীয় পুরস্কার পেয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। এ ছাড়া করপোরেট সুশাসন খাতে দ্বিতীয় পুরস্কার পেয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড ও তৃতীয় পুরস্কার পেয়েছে আইডিএলসি ফিন্যান্স লিমিটেড।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইসিএবি সভাপতি মাসিহ্ মালেক চৌধুরী ও আর্থিক প্রতিবেদন পর্যালোচনা কমিটির সভাপতি আব্বাস উদ্দিনসহ বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.