একনেকে ৭ প্রকল্প অনুমোদন

অর্থ ও বাণিজ্য : রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৫ হাজার ৭২৭ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে মোট সাতটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো মধ্যে ছয়টি নতুন ও একটি সংশোধিত। মোট প্রাক্কলিত ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ২ হাজার ৭৬৯ কোটি ৩৫ লাখ টাকা ও প্রকল্প সাহায্য ২ হাজার ৯৪৮ কোটি ৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ৯ কোটি ৯৯ লাখ টাকা।

আজ (১০ মে) মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান। অনুমোদিত প্রকল্পগুলো হলো-`সিলেট বিভাগ পল্লী বিদ্যুাতায়ন কার্যক্রম সম্প্রসারণ এবং বিআরইবির সদর দপ্তরে ভৌত সুবিধা দিয়ে উন্নয়ন।’ প্রকল্পটির ব্যয় হবে ১ হাজার ৪১৭ কোটি ১০ লাখ টাকা।

সভায় ৩০২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ‘প্রো-পুওর স্লাম ইন্টিগ্রেশন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় পৌরসভা ও মহানগর এলাকায় নিম্ন আয়ের মানুষের জীবনমান ও অনানুষ্ঠানিক সেটেলমেন্টের মান উন্নয়ন করা হবে। ‘মংলা বন্দর থেকে রামপাল পর্যন্ত পশুর চ্যানেল ক্যাপিটাল ড্রেজিং’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। ১৬৬ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের রামপাল বিদ্যুৎ কেন্দ্রে নৌ-পথে কয়লা পরিবহনের সুবিধার জন্য প্রকল্পটি বিশেষ অবদান রাখবে। তাই মংলা বন্দরের ৯ নম্বর জেটি থেকে উজানে ১৩ কিলোমিটার পর্যন্ত পশুর নদীর পর্যাপ্ত নাব্যতা সৃষ্টি করা হবে।

এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণের জন্যে ১০৭ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। একনেক বৈঠকে ১২২ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ‘বাংলাদেশ স্কাউটিং সম্প্রসারণ ও স্কাউট শতাব্দি ভবন নির্মাণ প্রকল্প’, ‘নদীর ভাঙন থেকে ভোলা জেলার চরফ্যাশন পৌর শহর সংরক্ষণ প্রকল্প (ব্যয় ২০৯ কোটি ৪ লাখ টাকা) এবং ৩ হাজার ৪০০ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ‘সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহ্যান্সমেন্ট’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.