মো. দেলোয়ার হোসেন,চন্দনাইশ : উপজেলার দোহাজারী ইউনিয়নকে গতকাল ৯ জানুয়ারি নিগার সভায় পৌরসভা ঘোষণা করায় এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। মিছিল শেষে সমাবেশে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন।
জানা যায়, দোহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ ২০১৪ সালে দোহাজারীকে পৌরসভা করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করেন। সে সাথে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী একটি ডিও লেটার দেন। উক্ত আবেদন ও ডিও লেটারের প্রেক্ষিতে ২০১৫ সালের ২৫ আগস্ট বাংলাদেশ সরকারের গেজেট প্রকাশিত হয়।
গেজেটে এসআরও নং-২৬৫-আইন/২০১৫/ স্থানীয় সরকার (পৌরসভা)-২০০৯ (২০০৯ সনের ৫৮ নং আইন) এর ধারা ৩ এর উপধারা (১) এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী, চাগাচর, রায়জোয়ারা, হাতিয়াখোলা, জামিরজুরী, দিয়াকুল ও সাতবাড়িয়ার হাছনদন্ডীকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করেন। উক্ত আইনের ধারা-৩ এর উপধারা (৩) এর বিধান মতে উল্লেখিত শহর এলাকা ঘোষণার অভিপ্রায় সংক্রান্ত প্রজ্ঞাপনটি প্রকাশিত হওয়ার পর অনুর্ধ্ব ১ মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ উক্তরূপ অভিপ্রায় প্রস্তাবের বিরুদ্ধে সরকার বরাবরে লিখিত আপত্তি উত্থাপন করতে পারবে। গেজেটটি প্রকাশিত হয় রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব এ কে এম আনিসুজ্জামান কর্তৃক। পরবর্তীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন গেজেট ১৬ নভেম্বর’১৫ প্রকাশিত হয়।
উক্ত গেজেটটি ২৪ আগস্ট’১৪ তারিখের প্রজ্ঞাপন অনুসারে চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী পৌরসভা গঠনের লক্ষ্যে উপজেলাধীন উল্লেখিত এলাকাসমূহকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করেছেন। প্রজ্ঞাপনটি প্রকাশিত হওয়ার তারিখ থেকে অনুর্ধ্ব এক মাসের মধ্যে ইউনিয়ন পরিষদকে উক্তরূপ অভিপ্রায় প্রস্তাবের বিরুদ্ধে সরকার বরাবরে লিখিত আপত্তি উত্থাপন করতে পারবে মর্মে নির্দেশনা প্রদান করেছেন।
যেহেতু উক্ত আইনের ধারা-৩ এর উপধারা (৩) এর অধীনে উত্থাপিত আপত্তি নিষ্পত্তি করে সরকার উল্লেখিত এলাকা সমূহকে শহর এলাকা ঘোষণা করার চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেহেতু সরকার উক্ত আইনের ধারা-৩ এর উপধারা (৪) এর প্রদত্ত ক্ষমতাবলে উল্লেখিত পল্লী এলাকা সমূহকে শহর এলাকা ঘোষণা করেন।
পরবর্তীতে ৩ জানুয়ারি’১৬ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী সচিব এ কে এম আনিসুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলাধীন দোহাজারীকে পৌরসভা গঠনের লক্ষ্যে “প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)” এর কার্যপরিধি মোতাবেক চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী পৌরসভা গঠনের লক্ষ্যে সচিব কমিটিতে উপস্থাপনের নিমিত্তে সারসংক্ষেপ প্রস্তুতপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করেন।
উল্লেখিত পত্রের কপি মন্ত্রী পরিষদ, মন্ত্রী পরিষদ বিভাগ, একান্ত সচিব (স্থানীয় সরকার বিভাগ), সচিব (সমন্বয় ও সংস্কারক) মন্ত্রী পরিষদ বরাবর প্রেরণ করেন। যা ৩ মার্চ’১৬ সচিব কমিটির বৈঠকে উপস্থাপনের মাধ্যমে দোহাজারী পৌরসভার চুড়ান্ত পর্যায়ে আসে। দোহাজারী ইউনিয়নের সাথে সাতবাড়ীয়া ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডকে অর্ন্তভুক্ত করা হয়েছে। ফলে গত ইউপি নির্বাচনে দোহাজারী ও সাতবাড়ীয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। গতকাল ৯ জানুয়ারি নিগার সভায় দোহাজারী ইউনিয়নকে পৌরসভা ঘোষণা করায় দোহাজারী এলাকায় আনন্দের বন্যা বয়ে যায়।
বিকালে এক আনন্দ মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে দোহাজারী চত্বরে এক সমাবেশে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত থেকে বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য যে, ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন প্রয়াত চেয়ারম্যান সাংবাদিক আবুল কালাম সামশুদ্দীন দোহাজারীকে পৌরসভায় উন্নীত করার জন্য বিভিন্ন মাধ্যমে লেখালেখি ও আবেদন শুরু করেছিলেন। সে ধারাবাহিকতায় দীর্ঘ সময় পর বর্তমান দোহাজারী ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ ও স্থানীয় সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে দোহাজারী পৌরসভায় উন্নীত হয়েছে।
দোহাজারী ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ বলেছেন, ডিজিটাল বাংলাদেশ তথা আধুনিক বাংলাদেশের রূপকার, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ উন্নয়নমূলক ভাবনায় বর্তমান পরিস্থিতিতে দোহাজারীকে পৌরসভা করা দরকার বিষয়টি অনুধাবন করে সরকার দোহাজারীকে পৌরসভা করার লক্ষ্যে ইতিমধ্যে গেজেট প্রকাশ করেছেন। সে ধারাবাহিকতায় গতকাল ৯ জানুয়ারি নিগার সভায় দোহাজারীকে পৌরসভা ঘোষণা করেছেন।
গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে পল্লী এলাকা সমূহকে শহর এলাকা ঘোষনার অভিপ্রায়ে দোহাজারী একটি পুরানো শহর। সে হিসেবে পানি নিষ্কাশন, ময়লা আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্নতা, অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার স্বার্থে দোহাজারীকে পৌরসভা করার ঘোষণা সরকারের সিদ্ধান্ত একটি যুগান্তকারী পদক্ষেপ। উল্লেখ থাকে যে, ২৫ আগস্ট’১৫ ও ১৬ নভেম্বর’১৫ পর পর দুটি গেজেট ও ৩ জানুয়ারি’১৬ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহকারী সচিবের চিঠির আলোকে দোহাজারীকে পৌরসভা ঘোষণা করা হয়।
