চট্টগ্রাম অফিস : উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় কোমেনের আঘাত থেকে রক্ষায় পাঁচ উপজেলার ঘূর্ণিঝড়ে উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের সরিয়ে নেয়া হচ্ছে আশ্রয়কেন্দ্রে । প্রায় ৬০ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়ে এসেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল থেকেই মাইকিংয়ের মাধ্যমে উপকূলীয় এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, চট্টগ্রামের পাঁচটি উপজেলায় ২৩৯টি আশ্রয়কেন্দ্রে ৬০ হাজার ৮০০ মানুষ আশ্রয় নিয়েছে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, এরই মধ্যে আনোয়ারা, চন্দনাইশ ,পটিয়া, সন্দ্বীপ, বাঁশখালী, , সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষদের সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া মাইকিং করে যারা এখনো যায়নি তাদের আশ্রয়কেন্দ্রে চলে যেতে অনুরোধ করা হচ্ছে।
তিনি বলেন, মা ও শিশুদের আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে।
দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস, পুলিশ ও মেডিকেল টিম প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
