জনগণ ব্যালটে সিল মেরে গণেশ উল্টে দেবেঃ ফখরুল

0

সিটি নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় নিয়ে জেল খালেদা জিয়ার কাছে কোনো ব্যাপার নয়। ওয়ান ইলেভেনের সময় তিনি এক বছর জেলে ছিলেন। শত চাপ সত্ত্বেও দেশের মাটি ছেড়ে কোথাও যাননি। দেশনেত্রী খালেদা লড়তে জানেন।

আজ সোমবার (২৯ জানুয়ারী) দুপুরে নয়াপল্টনস্থ ভাসানী ভবনে ঢাকা মহানগর বিএনপি দক্ষিণ আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা যখন নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি, যখন বলছি নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে, সংসদ ভেঙে দিতে হবে, ঠিক তখনি মিথ্যা মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের দিন ধার্য করা হয়েছে। অথচ দেশের মানুষ অপেক্ষায় রয়েছে ভোট-ব্যালটে সিল মেরে গণেশ (সরকার) উল্টে দেবে বলে।

তিনি বলেন, এই সরকার ক্ষমতায় এসে দমন নিপীড়নের মাধ্যমে বিরোধী মতকে স্তব্ধ করতে আইন কানুন মানছে না। এরা দানবে পরিণত হয়েছে। এই দানবকে পরাজিত করতে হবে। নতুবা বাংলাদেশের মানুষ মুক্তি পাবে না। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিএনপি মহাসচিব আরো বলেন, বিএনপি নির্বাচনে গেলে আওয়ামী লীগ টিকতে পারবে না। তাই বিএনপিকে উৎখাত করতে চায় তারা। খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতেই এই মিথ্যা মামলা।

তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান মামলায় সাক্ষ্য দেয়া ৩১ জনের কেউ প্রমাণ করতে পারেননি যে এই মামলাগুলোর সঙ্গে খালেদা জিয়ার সম্পৃক্ততা রয়েছে। শুধু তাই নয়, যে নথির উপর ভিত্তি করে মামলা পরিচালনা হচ্ছে সেটিও জাল। নথিতে কোথাও খালেদা জিয়ার স্বাক্ষর নেই। মূলত খালেদা জিয়াকে কোনোভাবে মামলার মাধ্যমে রাজনীতি থেকে দূরে রাখতেই এমন টার্গেট করেছে সরকার।

জিয়া অরফানেজ ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক। আগামী ৮ ফেব্রুয়ারি মামলার রায়ের দিন ধার্য করেছেন আদালত।

মির্জা ফখরুল বলেন, সরকারের মন্ত্রী, দলীয় নেতাদের বক্তব্যে মামলার রায় প্রতিফলিত হয়েছে। তাই আমরা বুঝে ফেলেছি সরকারের ইচ্ছায়ই আদালতের রায়ও প্রতিফলিত হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.