নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কাল থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য আমি দেশবাসীসহ সবার সহযোগিতা চাই। তিনি বলেন,অতীতের অভিজ্ঞতার সঙ্গে আরও নতুন কিছু যুক্ত করে এবারের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি এবং ব্যবস্থা গ্রহণ করেছি।
রোববার ১ এপ্রিল নগরীর একটি কমিউনিটি সেন্টারে চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির আয়োজিত প্রথম সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।এই সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর হাত থেকে সনদ নেন ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ১৮০ জন শিক্ষার্থী।

সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আমরা পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য করি না। তারা আমাদের সন্তান এবং জাতির ভবিষ্যত। তাদের সবার জন্য আমরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চায়।
তিনি বলেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার মান এবং পরিচালনার পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যারা এখনো নিজস্ব ক্যাম্পাসে যাননি, যারা একাধিক ক্যাম্পাসে পাঠদান করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ছাড়া আর কোনো পথ খোলা থাকছে না।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যবসা ও মুনাফার চিন্তা বাদ দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আপনারা দেশের বাস্তবতা ও জনগণের আর্থসামাজিক অবস্থার কথা বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত নির্ধারিত রাখবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, সাবেক শিক্ষামন্ত্রী ড. এ মজিদ খান, চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।
