ভোট স্থগিতে রিট আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র

0

সিটিনিউজ ডেস্ক:: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্থগিতাদেশ উঠে যাওয়ার যারপরনাই আনন্দিত আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, ভোট স্থগিতে যে রিট আবেদন ছিল আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। আর এর পেছনে কলকাঠি নেড়েছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।

আগামী ১৫ মে খুলনার সঙ্গে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনেও ভোট হওয়ার কথা ছিল। কিন্তু সাভারের শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এ কে এম আজহারুল ইসলাম সুরুজের আবেদনে গত ৬ মে নির্বাচনে তিন মাসের স্থগিতাদেশ দেয় হাইকোর্টের একটি বেঞ্চ।

এই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন, আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম এবং বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকারের আপিলের শুনানি শেষে বৃহস্পতিবার আপিল বিভাগ স্থগিতাদেশ বাতিল করে ভোট নেয়ার নির্দেশ দেয়। আগামী ২৮ জুনের মধ্যে সেখানে ভোট নিতে হবে।

বিএনপির প্রার্থীর পক্ষে আইনজীবীরা এই শুনানির সময় আদালতে উপস্থিত থাকলেও হাসান ছিলেন তার বাড়িতেই। তবে আওয়ামী লীগের জাহাঙ্গীর শুরু থেকেই উপস্থিত ছিলেন আদালতে। আর আদেশের পর তিনি গণমাধ্যমকর্মীদের কাছে প্রতিক্রিয়া জানান।

জাহাঙ্গীর বলেন, ‘এটা গভীর ষড়যন্ত্র ছিল (রিট আবেদন) আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে, আমরা সেটা বুঝেছি। এজন্যই আমরা সর্বোচ্চ আদালতে এসেছি।’

রিট আবেদনকারী সুরুজ আওয়ামী লীগেরেই নেতা। তিনি নিজ দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন কেন, এমন প্রশ্ন ছিল জাহাঙ্গীরের কাছে। জবাবে তিনি বলেন, ‘ওনি হচ্ছেন একজন ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান। আর বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য হয়ে মওদুদ আহমদ কেন এমন করলেন?’

সুরুজ গাজীপুরে নির্বাচন ঠেকাতে মরিয়া চেষ্টা করেছেন। ৬ মে উচ্চ আদালতে রিটের আগে তিনি রিট করেন গত ১০ এপ্রিল। সেদিন তার আইনজীবী ছিলেন মওদুদ আহমদ। তবে সেই আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়ে যায়। আর এই তথ্য গোপন করেই ৬ মে আবার আবেদন করেন শিমুলিয়ার চেয়ারম্যান।

জাহাঙ্গীর বলেন, ‘এপ্রিল মাসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ তার (সুরুজ) পক্ষে হাইকোর্টে শুনানি করেছিলেন। অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে ভেটো দেওয়ার পরে সর্বশেষ মামলাটি নিয়ে যায়।’

‘যখন আমাদের ওখানে নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন চলছিল, আমরা মার্কাও পেয়েছিলাম। প্রচারণা শুরু করেছি। সেই সময়ে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আবার হাইকোর্টে সেই মামলাটি সেই চেয়ারম্যানকে এনে অন্য লইয়ারের মাধ্যমে তারা আমাদের এলাকার নির্বাচনটা স্থগিত করে দিয়েছে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.