সীতাকুণ্ড প্রতিনিধি:: সীতাকুণ্ডে আবুল খায়ের ষ্টীল মিলস থেকে চুরি হওয়া রডসহ এক মাস ২৬ দিন পর ট্রাক কুমিল্লা সদর এলাকা হতে উদ্ধার করেছে পুলিশ। এসময় গাড়ির চালক মোঃ কামাল উদ্দীন (৪০) আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ মে) সকালে গাড়িসহ তাকে আটক করা হয়। সূত্রে জানা যায়, ট্রাক চালক মো: কামাল ও তার মালিক শফিকুর রহমানসহ পরষ্পর যোগসাজসে ভূয়া রেজি: নম্বর ব্যবহার করে ট্রাকে পরিবহনের ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে পরিবহনকৃত মালামাল আত্মসাৎ করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ১৫ মার্চ উক্ত ট্রাক ড্রাইভার সীতাকুণ্ড থানাধীন মাদামবিবির হাটস্থ আবুল খায়ের ষ্টীল মিলস হতে ১৩ টন এ.কে.এস রড তার গাড়ীতে করে কুমিল্লার দেবিদ্বারের বিষ্ণপুর সাহারা ট্রেডার্সের নিকট ভাড়ায় পৌছে দেয়ার চুক্তি করে। চুক্তি মোতাবেক ১৬ মার্চ মাদামবিবির হাটস্থ আবুল খায়ের ষ্টীল মিলস হতে চালান মূলে ১৩ টন এ.কে.এস লোহার রড (যার মূল্য ৮ লক্ষ ৫৮ হাজার টাকা) নিয়ে ট্রাকযোগে (ভূয়া রেজিস্ট্রেশন নম্বর চট্ট-মেট্টো-ড-১১-২৮৯০) দেবিদ্বার বিষ্ণপুর সাহারা ট্রেডার্সের উদ্দেশ্যে রওনা করে।
কিন্তু তিনি যথাসময়ে বিষ্ণপুর সাহারা ট্রেডার্সে না পৌছায় আবুল খায়ের ষ্টীল মিলস্ কর্তৃপক্ষ তাকে খোঁজাখুজি শুরু করে, তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অবশেষে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে ১ মাস ২৬ দিন পর রডের ট্রাকসহ ড্রাইভারকে হাতেনাতে আটক করা হয়।
তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক(নি:) মো: আসাব উদ্দিন জানান, প্রযুক্তির সহায়তায় চালকের অবস্থান সনাক্ত করে কুমিল্লা সদর এলাকা হতে ড্রাইভার কামাল’কে গ্রেফতার করে। ড্রাইভার কামাল স্বীকার করে যে, সে ও তার মালিক শফিকুর রহমানসহ পরষ্পর যোগসাজসে ভাড়ায় গৃহীত লোহার রড শফিকুর রহমানের শশুর বাড়ি এলাকায় বিক্রি করে দিয়েছে। সে ও তার মালিক দীর্ঘদিন ধরে তার চালিত ট্রাকে ভূয়া রেজি: নম্বর ব্যবহার করে বিভিন্ন মানুষের মালামাল আত্মসাৎ করে আসছে। ট্রাকে ভূয়া রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করায় তাদেরকে কেউ সনাক্ত করতে পারেনি।
ড্রাইভার কামালের তথ্য মতে তার সহযোগী শফিকুর রহমানের শশুর বাড়ী কুমিল্লা সদরের দক্ষিণ চর্থা হতে আত্মসাৎকৃত চার টন এ.কে.এস রড উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট রড তার শশুর বাড়ীর লোকজন গৃহ নির্মাণ কাজে ব্যবহার করেছে মর্মে জানিয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ জানান, আবুল খায়ের কর্তৃপক্ষ চালক কর্তৃক বিক্রিত রড আত্মসাৎ এর ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করে এবং পরবর্তীতে আইনানুগ কার্যক্রম অব্যাহত রাখি।এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম জানান, তথ্য প্রযুক্তির সহায়তা রডের গাড়িসহ একজনকে আটক করা হয়েছে।
এ বিভাগের আরও খবর
