বিশ্ব মা দিবসে মেহজাবিনের ‘এই শহর আমার জন্য না’

0

বিনোদন জগৎ, সিটি নিউজ :: লাক্স তারকা মেহজাবিন চৌধুরী, যিনি তার অনবদ্য অভিনয় দিয়ে বর্তমানে নাট্যাঙ্গনে সবচেয়ে বেশি আলোচনায় আছেন। সময়ের জনপ্রিয় নাট্যাভিনেত্রীকে বছরজুড়েই ভালো ভালো গল্পের নাটকে দেখা মিলে। তবে সংখ্যার দিক দিয়ে তা অনেকের চেয়ে কম। কারণ মেহজাবিন সবসময়ই গল্প এবং চরিত্রের প্রতি ভীষণ মনোযোগী। যার প্রমান তার কাজের মাধ্যমে বিগত দিনে দর্শক উপলদ্ধি করেছেন।

আজ রবিবার (১৩ মে) বিশ্ব মা দিবস উপলক্ষে আরটিভিতে প্রচারিত হবে মেহজাবিন অভিনীত বিশেষ নাটক ‘এই শহর আমার জন্য না’। এ নাটকে হালের এই অভিনেত্রীকে দেখা যাবে অর্পা চরিত্রে। নাটকটিতে মেহজাবিনের বিপরীতে দেখা যাবে জোভান কে।

নাটকটির গল্পে দেখা যাবে, সুমন (জোভান) ও সুমনের মা শহরে নতুন। ভালো একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়ে ভর্তি হন সুমন। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন না তিনি। বিশ্ববিদ্যালয়ে সবাই সুমনকে নিয়ে মজা করে। এমন অবস্থায় অর্পা (মেহজাবিন) ভার্সিটিতে সুমনের পাশে দাঁড়ায়।

সুমনের মা সেলাই করে সংসার চালায়। অভাবে দিন কাটে তাদের। একপর্যায়ে আধুনিক হতে সুমন মায়ের কাছে আবদার করে মোবাইল ও বাইকের। ছেলের আবদার পূরণের জন্য মানুষের কাছ থেকে টাকা ধার ও সাহায্য চায় মা। শেষ পর্যন্ত এক অফিসে কাজের বুয়ার চাকরি পায় সুমনের মা। এভাবে এগিয়ে যায় নাটকের কাহিনি।

‘এই শহর আমার জন্য না’ নাটকটি পরিচালনা করেছেন রিদম খান শাহীন। এতে মেহজাবিন ছাড়াও অভিনয় করেছেন জোভান, শায়লা ইসলাম, আবদুর রহমানসহ আরও অনেকে।

আজ রাত ৮টায় বেসরকারী টিভি চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচারিত হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.