খেলাধুলা, সিটি নিউজ :: আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচে ৪৫ রানে হারলো বাংলাদেশ ।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে বাংলাদেশের সামনে লড়াকু টার্গেট দাঁড় করিয়েছে আফগানিস্তান।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে আফগানরা। সংখ্যাটা বড় না হলেও আফগানিস্তানের শক্তিশালী বোলিংয়ের বিপক্ষে এই রানই হয়ে উঠতে পারে চ্যালেঞ্জিং।
ইনিংসের শুরুতে রানের চাপিয়ে রাখতে পারলেও উইকেটের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়ে নয় ওভার। এরপর সাকিব মাহমুদল্লাহর পর পর দুই ওভারে তিন উইকেটের সুবাদে বেশ চাপে ফেলে আফগানিস্তানকে। তবে শেষ দিকে এসে ঝড় তুলে আফগানিস্তান। ১৬ ওভারে যেখানে তাদের রান ছিলো ১০৫। সেখানে শেষ চার ওভারে তারা তুলেছে ৬২ রান।
মাত্র ১৮ বলে ৩৬ রানের ঝড় তুলে ফিরে যান সামিউল্লাহ সেনওয়ারি। ১৮তম ওভারে আবু জায়েদ রাহির প্রথম পাঁচ বলে ২০ রান তুলে শেষ বলে ক্যাচ দিয়ে ফেরেন সেনওয়ারি। তবে আফগানদের ঝড় এরপরেও থামেনি। ৮ বলে ২৪ রান করেন শাফিকুল্লাহ শাফিক। শেষ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট তুলে নেন আবুল হাসান। বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ১৬৮।
এরপর মাঠে নামে টাইগাররা। শুরুটা করেছিলেন মুজিবুর রহমান। ইনিংসের প্রথম বলে তামিকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে টাইগারদের আত্মবিশ্বাসে বড় সড় ধাক্কাটা দিয়ে রেখেছিলেন। যদিও আরেক ওপেনার লিটনের ব্যাট অনেকটা নির্ভীক ছিলো। তবে অপরপ্রন্ত বেশিক্ষণ আগলে রাখতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান। ১৫ বল মোকাবেলায় ১৫ রান করে মোহাম্মদ নবীর বলে ক্যাচ আউট হয়ে ফেরেন তিনি। ২০ বলে ৩০ রান করা লিটনকেও ফেরান নবী।
দুইটি লাইফ পাওয়া মুশফিক লম্বা করতে পারেননি ইনিংস। রিভার্স সুইপ করতে গিয়ে রাশিরে বলে বোল্ড হয়ে ফেরেন মুশি। সাব্বির (০) ছিলেন আশা-যাওয়ার মধ্যেই। প্রথম বলেই এলবিডব্লিউ।
জেতার জন্য ওভারপ্রতি প্রয়োজনীয় রানের হার যেভাবে বেড়েছে তারচেয়ে দ্রুতগতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। মাহমুদুল্লাহ কিছু সময় হাল ধরলেও তা কঠিন সমুদ্র পাড়ি দেয়ার জন্য যথেষ্ট ছিলো না।
মোসাদ্দেক ২৩ বল মোকাবেলা করলেও স্কোরবোর্ডে মাত্র ১৪ রান যোগ করতে পেরেছেন। আবুল হাসান (৫) আউট হয়ে গেলে কার্যত সব আশাই শেষ হয়ে যায় টাইগারদের। ২৫ বলে ২৯ করে মাহমুদুল্লাহ ফিরে গেলে জয়টা হাতের মুঠোয় চলে আসে আফগানদের।
শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। অলআউট হয়ে মাত্র ১২২ রানে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহি, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু, আবুল হাসান।
আফগানিস্তান একাদশ: মাহাম্মাদ শেহজাদ, উসমান ঘানি, আসগার স্তানিকজাই (অধিনায়ক), শাফিকুল্লাহ শাফিক, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, সামিউল্লাহ সেনওয়ারি, রাশিদ খান, মুজিব উর রহমান, করিম জানাত, শাহপুর জাদরান।
