জাতীয়তাবাদী মহিলা দলের সভায় হট্টগোল

0

সিটি নিউজ ডেস্ক :: বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগরের একটি থানার কমিটি করার সময় হট্টগোলের ঘটনা ঘটে। পরে কমিটি গঠন না করে কর্মিসভার মুলতবি ঘোষণা করা হয়।

বিএনপির কেন্দ্রীয় নেতাসহ সংগঠনের শীর্ষ নেতারা কমিটি ঘোষণা ছাড়াই সভা ত্যাগ করেন।

সারা দেশে কমিটি গঠনের অংশ হিসেবে আজ বুধবার ঢাকা মহানগর দক্ষিণের মহিলা দলের কদমতলী থানার কর্মিসভা আহ্বান করা হয়। সভায় কমিটি গঠন ঘোষণার দিন ধার্য ছিল। রাজধানীর পল্টন এলাকার ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। সভায় মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ উপস্থিত ছিলেন। দক্ষিণের সভাপতি রাজিয়া আলিম ছিলেন সভার সভাপতি।

জানা যায় রাজিয়ার অনুপস্থিতিতেই সভা শুরু হয়। এ সময় তিনিসহ অনেক নেত্রী আদালতে মামলার হাজিরা দিতে যান।

পরে তাঁরা কর্মিসভায় সকাল ১১টার পর উপস্থিত হয়ে দেখতে পান প্রধান অতিথি তাঁদের আগেই উপস্থিত। এরপর তাঁরা জানতে পারেন থানা কমিটি ঘোষণা করা হবে। কিন্তু দক্ষিণের সভাপতি রাজিয়া আলিমকে কিছুই জানানো হয়নি।

পরে তিনি বক্তব্য দেওয়ার সময় ‘পকেট কমিটি মানা হবে না’ ঘোষণা করলে কর্মীরা হট্টগোল শুরু করেন।

একপর্যায়ে আবদুল্লাহ আল নোমানসহ কেন্দ্রীয় নেতারা কমিটি ঘোষণা ছাড়া সভা ত্যাগ করেন।

এ ব্যাপারে ঢাকা মহানগর দক্ষিণের মহিলা দলের সভাপতি রাজিয়া আলম বলেন, ‘নিয়মানুযায়ী থানা কমিটি ঘোষণা করবেন মহানগর সভাপতি। যারা ত্যাগী নেতা তাদের বাদ দিয়ে মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ পকেট কমিটি তৈরি করেছেন। এ কারণে কর্মীরা তা মেনে নেয়নি।’

তবে এ বিষয়ে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের ফোনে কয়েকবার চেষ্টা করার পরও তিনি ফোন ধরেননি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.