ক্রীড়া প্রতিবেদক, সিটি নিউজঃ প্রথম প্রমিলা এশিয়া কাপ জয়ী নারী ক্রিকেটারদের জন্য ২ কোটি টাকা পুরস্কার ঘোষনা করেছে বিসিবি। ক্রিকেটে বাংলাদেশকে প্রথম আন্তর্জাতিক শিরোপা এনে দেওয়ার পুরস্কার পেল নারী ক্রিকেটাররা। এশিয়া কাপে প্রথমবার ফাইনালে উঠেই ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলার মেয়েরা। এতে প্রত্যেক ক্রিকেটার পাচ্ছেন ১০ লাখ টাকা করে।
আজ সোমবার (১১ জুন) সন্ধ্যা ছয়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সালমা-রুমানারা। সংবর্ধনা নিতে এক ঘণ্টা পর তারা পৌঁছান সোনারগাঁও হোটেলে। সেখানেই বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তাদের জন্য পুরস্কার ঘোষণা করেন।
বিসিবি সভাপতি জানান, পুরো দলের জন্য ২ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। সেই হিসাবে প্রত্যেক খেলোয়াড় পাবে ১০ লাখ টাকা করে। এছাড়া যারা ভালো করেছে তারা পাবে বাড়তি টাকা। পারফরম্যান্সের ভিত্তিতে এই টাকা পুরস্কার দেওয়া হবে।
ফাইনালে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দেওয়া বাংলাদেশের মেয়েদের মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে নিয়ে আসে ইউএস বাংলার একটি ফ্লাইট।
কুয়ালালামপুরে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের মেয়েদের নিয়ে সর্বত্র এখন হইচই।এতদিন দেশের নারী ক্রিকেটাররা ছিল উপেক্ষিত, পুরুষ ক্রিকেটার তুলনায় তাদের বেতন দেওয়া হতো পঞ্চাশ ভাগের একভাগ।
প্রথমবার ক্রিকেটে আন্তর্জাতিক খেতাব এনে দেওয়ায় এখন তাদের বেতনও বাড়ানো হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ নারী ক্রিকেট দল ভাসছে অভিনন্দন, শুভেচ্ছা, প্রশংসার জোয়ারে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্র ও দেশের নানা পর্যায় থেকে আসছে শুভেচ্ছা ও অভিনন্দন। বিভিন্ন বড় বড় কোম্পানীও ক্রিকেটারদের পুরস্কার দেওয়ার কথা বলছে।
