রোহিঙ্গা ক্যাম্পে ইউএন মহাসচিব ও বিশ্বব্যাংক প্রধান

0

সিটি নিউজ ডেস্কঃ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিনে দেখতে  কক্সবাজারে পৌঁছেছেন।

আজ সোমবার ( ২ জুলাই ) সকাল পৌনে ৮টায় ঢাকা থেকে বাংলাদেশ বিমানের এক বিশেষ ফ্লাইটে করে তাঁরা কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। সকাল সাড়ে ৮টা নাগাদ তাঁরা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

সেখান থেকে দুই অতিথিকে নিয়ে যাওয়া হয় কক্সবাজারের অভিজাত হোটেল সায়মান বিচ রিসোর্টে। সেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে তাঁদের ব্রিফিং করবেন।

এরপর ৯টা ৪০ মিনিটে তাঁরা হোটেল থেকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে যান সেখানে পৌঁছে সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা নতুন আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। পরে নতুন বর্ধিত রোহিঙ্গা শিবির ক্যাম্প-৪ পরিদর্শন করেন তাঁরা।

এরপর জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ইউএনএফপিএ পরিচালিত মহিলাবান্ধব কেন্দ্রে যাবেন এবং ১০-১৫ রোহিঙ্গা নারীর কাছ থেকে শুনবেন মিয়ানমারের নির্যাতনের বর্ণনা।

এরপর ডি-৪ ক্যাম্পে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম পরিচালিত প্রাথমিক স্বাস্থ্যসেবা পরিদর্শন করবেন। সেখান থেকে ডি-৫ ক্যাম্পে গিয়ে নির্যাতিত রোহিঙ্গা পুরুষ ও নারীদের সঙ্গে আলাপ শেষে বিকেল ৩টার দিকে তাঁরা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

বিকেলে হোটেলে ফিরে প্রতিনিধিদলের সদস্যরা আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর সঙ্গে সভা করবেন এবং সাড়ে ৫টার দিকে ফেসবুক লাইভে সংযুক্ত হবেন। এরপরই তাঁরা ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.