সিটি নিউজঃঃ চট্টগ্রামে চাঞ্চল্যকর তাসফিয়া হত্যাকান্ডের অন্যতম আসামী কথিত যুবলীগ ক্যাডার ফিরোজকে পুলিশ গ্রেফতার করতে না পারলেও আদালত কারাগারে পাঠিয়েছেন। মঙ্গলবার আদালতে আত্মসমর্পন করতে গেলে বিজ্ঞ আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
ক্যাডার ফিরোজ মামলার অন্যতম আসামী হলেও দীর্ঘ দুইমাসেও পুলিশ তার টিকিটিও খুজে পায়নি। অথচ এই ফিরোজ কয়েকটি মামলার আসামী ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। সেই মামলার তদন্তভার এখন ডিবির হাতে দিয়েছেন সিএমপি কমিশনার।
জানা গেছে, সোমবার চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা সেশন জজ ও তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল মজিদের আদালতে ফিরোজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এসময় আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জেলা সেশন জজ আদালতের পেশকার কাজল চৌধুরী বলেন, পতেঙ্গা থানার একটি হত্যা মামলায় ফিরোজ নামে এক আসামি হাইকোর্টে আত্মসর্মণ করে জামিন চেয়েছিলেন।
হাইকোর্ট তাকে জামিন না দিয়ে জেলা সেশন জজ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশ অনুসারে ফিরোজ সোমবার ভারপ্রাপ্ত সেশন জজের আদালতে আত্মসমর্পণ করেছিলেন।
নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (বন্দর) মোহাম্মদ শহীদুল্লাহ জানান, সিএমপির সর্বশেষ মাসিক সভায় কমিশনার মামলাটি তদন্তের জন্য ডিবিকে নির্দেশ দিয়েছেন। সিএমপি কমিশনারের নির্দেশনা অনুযায়ী পরিদর্শক স্বপন কুমার সরকারকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় উপকমিশনারের নেতৃত্বে একটি তদন্ত টিমও গঠন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ মে সকালে নগরীর পতেঙ্গায় নেভাল একাডেমির অদূরে ১৮ নম্বর ঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীরে তাসফিয়া আমিনের (১৬) মরদেহ পায় পুলিশ।
প্রথমে পরিচয় নিশ্চিত না হলেও দুপুরে পরিবারের লোকজন থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন।তাসফিয়া কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ডেইলপাড়া এলাকার মো. আমিনের মেয়ে। চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডে তাদেরবাসা। নগরীর সানশাইন গ্রামার স্কুলের নবম শ্রেণীর ছাত্রী।
