সিটি নিউজ ডেস্কঃ রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির পথসভায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সাগরপাড়া-বটতলা মোড়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে। এতে এক সংবাদকর্মীসহ পাঁচজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী জেলা ছাত্রদল নগরীর সাগরপাড়া-বটতলা মোড়ে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে পথসভা করতে জমায়েত হয়।পথসভায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত জনগণের উদ্দেশে বক্তব্য শুরুর পরপরই তিনটি ককটেল বিস্ফোরিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চারটি মোটরসাইকেলে সশস্ত্র আট যুবক এসে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে বটতলা মোড়ের পূর্ব দিকের রাস্তা দিয়ে সাগরপাড়া এসি মসজিদের পাশ দিয়ে পালিয়ে যায়।
এতে সাংবাদিকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও র্যামব উপস্থিত হয়েছে।
নগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ককটেল নিক্ষেপকারীদের ধরতে ব্যবস্থা নেয়া হয়েছে।
সরকারদলীয় প্রার্থীর লোকজন ককটেল হামলার সঙ্গে জড়িত দাবি করে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, নিজেদের ভরাডুবি বুঝতে পেরে রাজশাহীর শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নষ্ট করতেই প্রতিপক্ষ এ হামলার ঘটনা ঘটিয়েছে।
