সিটি নিউজ ডেস্ক :: কারাগারে থাকা পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, তিনি হাসপাতালে যেতে রাজি নন। তাকে কারাগারে রেখেই চিকিৎসা করানোর ওপর জোর দিয়েছেন নওয়াজ। সোমবার আদিয়ালা জেলখানার এক কর্মকর্তা এ তথ্য জানান।
কারা কর্তৃপক্ষ জানায়, এ বিষয়ে তারা সরকারের নির্দেশ পালন করবে।
এদিকে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের চিকিৎসকদের একটি বোর্ড সোমবার আদিয়ালা জেলখানায় গিয়ে নওয়াজের শরীর পরীক্ষা করেছেন। ওই বোর্ডের একজন সদস্য বলেন, সাবেক এই প্রধানমন্ত্রীর রক্তে ইউরিয়া ৫০ শতাংশ বেশি। এছাড়া তিনি গুরুতর পানি শূন্যতায় ভুগছেন।
তিনি বলনে, নওয়াজ শরীফের এর আগে বাইপাস সার্জারি হয়েছিল। এছাড়া তার ডায়াবেটিসও রয়েছে। এজন্য তাকে হৃদরোগ, কোলেস্টেরল, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের ১৫টি ওষুধ নিতে হয়। আমরা ওষুধগুলোর কিছু সমন্বয়ের পরামর্শ দিয়েছি। এরই মধ্যে তার শরীরের কিছু পরীক্ষানীরিক্ষা করা হয়েছে। আজ (মঙ্গলবার) আরও কিছু পরীক্ষা করা হবে। এরপর তাকে হাসপাতালে স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার হৃৎপিণ্ড ও যকৃতের জটিলতায় আক্রান্ত হন কারাগারে থাকা নওয়াজ শরিফ। এরপর চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন।
ওইদিন অবসরপ্রাপ্ত জেনারেল আজহার কিয়ানির নেতৃত্বে চিকিৎসক দল কারাগারে যায়। চেকআপের পর তারা তাৎক্ষণিক চিকিৎসার জন্য নওয়াজকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পানিশূন্যতার কারণে নওয়াজের হার্টবিট ছিল অস্বাভাবিক এবং রক্তে ইউরিয়ার উপস্থিতি ছিল অনেক বেশি।
গত ৬ জুলাই নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দেন পাকিস্তানের আদালত। এছাড়া তার মেয়ে মরিয়মকে দেওয়া হয় ৭ বছরের সশ্রম কারাদণ্ড।
