স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরই শিক্ষার্থীদের ওপর হামলা: রিজভী

0

সিটি নিউজ ডেস্ক :: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ‘কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিক দাবিগুলো অগ্রাহ্য করার জন্য মন্ত্রীদের নির্দেশেই গণপরিবহন বন্ধ রাখা হয়েছে।’

বিএনপি নেতা বলেন, ‘রাজপথে ট্রাফিক অব্যবস্থা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে যে সততা, নিষ্ঠা ও পরিশ্রম ছাড়া আর কিছু লাগে না, তা এই শিশু-কিশোররা মাত্র দুদিন কাজ করে তা প্রমাণ করে দিয়েছে। দেখিয়েছে, খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশকেও ইতিবাচক পথে পরিচালনা করা যাবে।’

‘মন্ত্রীর গাড়ির চালকের লাইসেন্স নেই, এমপির গাড়ির কাগজপত্র নেই, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ির কাগজপত্র নেই, গাড়ির চালকেরও লাইসেন্স নেই। এটা জাতির জন্য কত বড় লজ্জার, তাতে অবৈধ সরকারের টনক নড়েনি,’ যোগ করেন রিজভী।

আজ শুক্রবার (৩ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরপরই শুরু হয়ে গেল শিক্ষার্থীদের ওপর পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের আক্রমণ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় লাঠি হাতে কিছু যুবক ও মধ্যবয়সী লোক গাড়ি চেক করছে এবং হামলা ও ভাঙচুর করেছে তারা। এ সমস্ত ঘটনায় সুস্পষ্ট হয়ে উঠছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর স্যাবোটাজের বক্তব্য মূলত সরকারি নাশকতারই ইঙ্গিতবাহী। অতীতে গণতান্ত্রিক আন্দোলনে যে নাশকতাগুলো তারা করেছেন।’

‘কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে সরকার কীভাবে ডাইভার্ট করেছে, কীভাবে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে তা কোমলমতি শিক্ষার্থীরাও ভুলে যায়নি।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরো বলেন, ‘আপনারা দেখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী গত পরশু দিনও বলেছেন, শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে সরকার। তারপরও গতকাল শিক্ষার্থীরা মাঠে কেন? কারণ এই কোমলমতি শিক্ষার্থীরাও এই সরকারকে বিশ্বাস করে না।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.