এমিরেটসের বিমানে হঠাৎ যাত্রী অসুস্থ

0

আন্তর্জাতিক ডেস্ক:: দুবাই থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে এমিরেটসের একটি বিমানে থাকা ৫৩৮ যাত্রীর মধ্যে শতাধিক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণের পর তাদের চিকিৎসা দেয়া হয়।

বিমানটি মাঝপথে থাকা অবস্থায় এসব যাত্রী অসুস্থ হয়ে পড়লে বিমানেই তাদেরকে সাময়িক চিকিৎসা দেয়া হয়। অবতরণের পর বিমানটিকে সাময়িকভাবে আলাদা করে রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি জানিয়েছে, প্রাথমিকভাবে বিমানের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে ১০০ জনের মত যাত্রী অসুস্থ হয়ে পড়েন। এ সময় বিমানের ক্রুরাও বলতে থাকেন যে তারাও হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন।

পরে এমিরেটসের পক্ষ থেকে টুইটে জানানো হয় যে অসুস্থ রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। যারা সুস্থ আছেন তাদেরকে বিমান থেকে চলে যাওয়ার অনুমতিও দেওয়া হবে।

সিডিসির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ক্রুসহ বিমানের ১০০ জনের মত যাত্রী জ্বর ও কাশিতে অসুস্থ হয়ে পড়ার কথা বলতে থাকেন। আমাদের জনস্বাস্থ্য কর্মকর্তারা সবকিছু খতিয়ে দেখছেন। অসুস্থ যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে দেখার পর তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিমানের সকল যাত্রীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর সিডিসি জানিয়েছে, ১১জন যাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি যাত্রীদের মধ্যে যাদের সামান্য সমস্যা ছিলো তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

বিমানের ভেতরে একসাথে এতোজন যাত্রীর অসুস্থ হয়ে পড়ার ঘটনা খুব একটা শোনা যায় না। এই ঘটনার জন্যে ফুড পয়জনিয়ংকে প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে।

তবে নিউইয়র্কের মেয়রের মুখপাত্র বলেছেন, কয়েকজন যাত্রী আসছিলেন সৌদি আরবের মক্কা শহর থেকে। সেখানে ফ্লুর সংক্রমণ ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। এটিও একটি সম্ভাব্য কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি ও আল জাজিরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.