সিটি নিউজ ডেস্ক :: বেগম জিয়াকে সাজা দিতেই রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে কারাগারের অভ্যন্তরে আদালত বসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবীরা।
বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে সংবাদ সম্মেলন করে এ মন্তব্য করেন তারা।
সরকারের এ ধরনের অনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদে সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতে ৯ সেপ্টেম্বর মানববন্ধন ও ১২ সেপ্টেম্বর প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
খালেদা জিয়ার আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘এই আদালত যেহেতু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীতভাবে স্থাপন করা হয়েছে এবং সরকার বেগম খালেদা জিয়াকে এক তরফা যেনতেন ভাবে বিচারকার্য পরিচালনা করে শাস্তি দেয়ার পায়তারা করছে, সরকারকে দেশের সর্বোচ্চ আদালতে আইনজীবী সমিতির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, অনতিবিলম্বে এই গেজেটটি প্রত্যাহার করে উন্মুক্ত আদালতে খালেদা জিয়ার মামলার পরিচালনার ব্যবস্থা গ্রহণ করুন।’
এসময় বিএনপির যুগ্ম মহাসিচব ও খালেদা জিয়ার এই মামলার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘৯ তারিখ রোববার সারা বাংলাদেশের প্রত্যেক আইনজীবী সমিতির, আইনজীবী ফোরামের প্রত্যেককে মানববন্ধন করার জন্য আহবান জানাচ্ছি। ১২ সেপ্টেম্বর প্রত্যেক আইনজীবী সমিতিতে প্রতীকী অনশনে আহবান জানাচ্ছি।’
