চবিতে জিয়া হায়দারের নামে মুক্তমঞ্চ ও মিলনায়তনের দাবি

0

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধুনালুপ্ত চারুকলা বিভাগের প্রথম শিক্ষক অধ্যাপক জিয়া হায়দারের দশম প্রয়াণ দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় নাট্যাধারের মহড়া কক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

নাট্যাধারের প্রতিষ্ঠাতা সদস্য নাট্যজন হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন জিয়া হায়দার ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা ও নাট্য শিক্ষক মোস্তফা কামাল যাত্রা।

বক্তব্যে মোস্তফা কামাল যাত্রা বলেন, ‘চবিতে প্রগতিশীল শিল্পকলার বিকাশে নাট্যযুধিষ্ঠির খ্যাত জিয়া হায়দার যে অনন্য ভূমিকা রেখেছিলেন, তার বিপরীতে চবি তাকে যথাযথ সম্মান প্রদর্শন করেনি। বর্তমানে চট্টগ্রাম নগরীতে চবি পরিচালিত চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠায়ও জিয়া হায়দার অগ্রগণ্য ভূমিকা রেখেছিলেন। আমি চারুকলা বিভাগের শিক্ষার্থী থাকাকালে তিনি চারুকলা ইনস্টিটিউট বাস্তবায়ন আন্দোলনের অন্যতম উপদেষ্টা হিসেবে আমাকে যে ইতিবাচক দিক নির্দেশনা দিয়েছিলেন, তা শ্রদ্ধাভরে স্মরণ করছি। অথচ নগর ক্যাম্পাসে জিয়া হায়দারের স্বপ্নের সেই চারুকলা ইনস্টিটিউট বাস্তবায়ন হলেও সেখানে তার স্মৃতি সুরক্ষায় কোন কার্যকর পদক্ষেপ অদ্যাবধি নেওয়া হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।’

সভায় উপস্থিত নাট্যকর্মী ও সাংবাদিক মোহাম্মদ আলী বলেন, ‘চারুকলা বিভাগ থেকে চারুকলা ইনস্টিটিউট বাস্তবায়নে যিনি জীবদ্দশায় অনবদ্য ভূমিকা রেখেছিলেন, সেই জিয়া হায়দারের নামে নগরীতে চবি পরিচালিত চারুকলা ইনস্টিটিউটের মুক্তমঞ্চটি নামকরণের দাবি জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও চারুকলা ইনস্টিটিউট পরিচালনা পর্ষদ এই ব্যাপারে দায়িত্বশীল ও কার্যকর পদক্ষেপ নিয়ে এই গুণীর প্রতি ন্যূনতম সম্মান নিশ্চয়ই  জানাবেন।’

দলের সদস্য নাট্যকর্মী মাসুদ আহমেদ বলেন, ‘নাট্যকলা বিভাগ বাস্তাবয়নের জন্য চারুকলা বিভাগের তৎকালীন শিক্ষক অধ্যাপক জিয়া হায়দার সর্ব প্রথম বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে অনুরোধ জানিয়ে পত্র দিয়েছিলেন। তাই তার নামে এই বিভাগে একটি থিয়েটার স্টুডিও করা হয়েছে। এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জিয়া হায়দারের নাম একটি মুক্তমঞ্চ ও একটি মিলনায়তনের নামকরণের জন্য আমরা উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করছি।’

সভায় অন্যান্য বক্তাগণ জিয়া হায়দারের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি তার শিল্প দর্শন ও নাট্য ভাবনার বিস্তার ঘটাতে তার রচিত অনুদিত কবিতা, গান ও নাটকের ব্যাপক প্রদর্শনীর উপর গুরত্বারোপ করেন।

সভায় অন্যদের মধ্যে শারমিন সুলতানা রাশা, আকলিমা আক্তার তরী, তুহিন ইসলাম, শান্তা পাল, ইকবাল ইবনে মালেক, আনোয়ারুল আজিম সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নাট্য যুধিষ্ঠির জিয়া হায়দার ২০০৮ সালের ২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। সেই বছর থেকে গ্রুপ থিয়েটার নাট্যাধার তার নামে একটি নাট্য পদক চালু করে। এ বছর আগামী ৩০ অক্টোবর ১১তম জিয়া হায়দার নাট্য পদক প্রদানের জন্য একটি উপ কমিটি গঠন করেছে নাট্যাধার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.