সিটি নিউজ ডেস্ক :: উন্নত দেশের মতো বাংলাদেশেও পথখাবারকে নিরাপদ করতে বিক্রেতাদের প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকালে খাদ্য ভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, নিরাপদ খাদ্য সাংবিধানিক অধিকার। বর্তমান সরকার উৎপাদন থেকে শুরু করে পরিবেশন পর্যন্ত প্রতিটি ধাপেই নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করছে।
মন্ত্রী বলেন, ‘আমরা যখন বিদেশে যাই, অনেক সানন্দে আমরা পথের খাবার খেয়ে থাকি। স্ট্রিট ফুড খেতে আমাদের কোনো শঙ্কা হয় না। কিন্তু বাংলাদেশের স্ট্রিট ফুড খেতে আমরা ভয় পাই। আমরা এই ভয় দূর করতে চাই। একজন ফলওয়ালাকে তার সবসময় ফলমূল ও পানি অবশ্যই পরিষ্কার রাখতে হবে। একজনের ট্রেনিংয়ে তারা বুঝে গেছেন যে নিরাপদ খাবারের জন্য পানি নিরাপদ রাখতে হবে।’
তিনি আরো বলেন, ‘রাস্তায় যত পথ খাবারের দোকান বা ভ্যান চালক আছে, তাদের ভবিষ্যতে প্রশিক্ষণ দেব। তাদেরকে সচেতনতা শেখাবো। আগামী মাসেই একটি কর্মশালা আছে, সেখানে বিশিষ্ট লোকেরা থাকবেন। সেখানে তারা প্রশিক্ষণের কর্মশালা নিয়ে একটি মতৈক্য জানাবেন। এরপরেই আমরা পথখাবার বিক্রেতাদের প্রশিক্ষণ দেব।’
