ভূমি-ফ্ল্যাট রেজিস্ট্রেশন খরচ কমানোর আহ্বান: এফবিসিসিআই
অর্থ ও বাণিজ্য :: দেশের ভূমি এবং ফ্ল্যাট রেজিস্ট্রেশন খরচ কমানোর ওপর গুরুত্ব দিয়েছে এফবিসিসিআই। এছাড়াও একই জমি/ফ্ল্যাট প্রতিবার কেনা-বেচার সময় যাতে রেজিস্ট্রেশন খরচ বার বার না দিতে হয় সে বিষয়টিও বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। সভায় ভূমি রেকর্ড সংরক্ষণের বিষয়টি আধুনিক ও যুগোপযোগী করার ওপরও গুরুত্ব আরোপ করেন তাঁরা।
আজ মঙ্গলবার (২ অক্টোবর) এফবিসিসিআই সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় কমিটির চেয়ারম্যান জনাব মো : এমারত হোসেন এতে সভাপতিত্ব করেন। কমিটির চেয়ারম্যান দেশের ভূমি ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ এবং অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে কমিটির ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরেন। এফবিসিসিআই পরিচালক জনাব হাফেজ হারুণ অর রশিদ এবং বিভিন্ন খাত থেকে আসা ব্যবসায়ি নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
সভায় রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও যথাযথ পানি নিষ্কাশনের লক্ষ্যে খালগুলো পুনরুদ্ধারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। আবাসন গড়ে তোলার সময় জলাশয়গুলো অপরিকল্পিতভাবে ভরাট না করার ওপরও গুরুত্ব দেয়া হয়। আলোচকবৃন্দ ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) এর কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেন। এছাড়াও তারা ভূমি উন্নয়ন বিধিমালা পরিবর্তনের অনুরোধ জানান।
