সিটি নিউজ,চট্টগ্রাম : চট্টগ্রামে ঐতিহাসিক ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুস আজ বুধবার ১২ রবিউল আউয়াল। জশনে জুলুস উপলক্ষে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় শুরু হয়েছে ৪৭তম জশনে জুলুস। লাখো মানুষের এ জুলুসে নেতৃত্ব দিচ্ছেন আওলাদে রাসুল, শাহজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামিদ শাহ (ম.জি.আ)।আয়োজকরা আশা করছেন, জুলুসে বন্দরনগরীসহ বৃহত্তর চট্টগ্রাম থেকে লাখ লাখ মানুষ শরিক হবেন। জুলুসকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে নগরীর বিভিন্ন এলাকা।
জশনে জুলুস নগরীর ষোলশহরস্থ আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিবিরহাট, মুরাদপুর, মির্জারপুল, কাতালগঞ্জ, অলিখাঁ মসজিদ চকবাজার, প্যারেড ময়দান, চন্দনপুরা, সিরাজুদ্দৌলাহ রোড, দিদার মার্কেট, দেওয়ান বাজার, আন্দরকিল্লা, মোমিন রোড, কদম মোমারক, চেরাগী পাহাড়, জামালখান প্রেস ক্লাব, গণি বেকারি, চট্টগ্রাম কলেজ রোড হয়ে জুলুস পুনরায় অলিখাঁ মসজিদ, কাতালগঞ্জ, মির্জারপুল, মুরাদপুর, বিবিরহাট প্রদক্ষিণ করে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ময়দানে প্রত্যাবর্তন করবে। সেখানে দুপুর ১২টায় মাহফিল এবং মাহফিল শেষে নামাজে যোহর ও দোয়া অনুষ্ঠিত হবে।
জুলুসের মিডিয়া ডেস্কের আহ্বায়ক, পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন সোহেল জানান, সিরিকোট দরবারের আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহের (র.) নির্দেশ ও রূপরেখা অনুসরণ করে আনজুমান ট্রাস্ট চট্টগ্রামে প্রথম জুলুস প্রবর্তন করে ১৯৭৪ সালে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লিকে নিয়ে। যা এখন চট্টগ্রামেরর ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গে রূপ নিয়েছে।
জুলুসে অংশ নিয়েছেন আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী, জামেয়ার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ অছিয়র রহমান, মহিলা মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন, অধ্যক্ষ মুহাম্মদ বদিউল আ ম রিজভী, আনজুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার প্রমুখ।
