চট্টগ্রামে চার হাজার শয্যার হাসপাতাল হবেঃ নওফেল

0

কারেন্ট টাইমসঃ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, চট্টগ্রামে চার হাজার শয্যার একটি হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা চলছে। তিনি বলেন, আমরা চাই না, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে ঘিরে কেউ রাজনীতি করুক। এটা চিকিৎসা সেবার জায়গা। আমি এখানে রাজনীতি করতে আসিনি। কেউ যদি এটাকে ঘিরে রাজনীতি করে, তাহলে আমি বলব এটা খুবই অসৎ উদ্দেশ্য হবে।

আজ শনিবার (৩০ মার্চ) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

নওফেল বলেন, জনসেবার উদ্দেশে এই হাসপাতালের সৃষ্টি। এই হাসপাতালকে যাতে বাণিজ্যিকিকরণ এবং রাজনীতিকরণ করা না হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য। জনসেবার মাধ্যমেই যাতে রাজনীতিটা প্রতিষ্ঠিত হয়, আমরা সেটাই চাই। চট্টগ্রামে চার হাজার শয্যার একটি হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা চলছে বলেও জানান তিনি।

এরআগে শিক্ষা উপমন্ত্রী চমেকের শাহআলম বীরউত্তম মিলনায়তনে মতবিনিময় সভায় যোগ দেন। সেখান থেকে হাসপাতালের গাইনি, হৃদরোগ ও মেডিসিন ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন এবং রোগী ও চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে কথা বলেন।

সে সময় উপমন্ত্রীর সঙ্গে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসীন উদ্দিন চৌধুরী এবং চমেকের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর ছিলেন।

নওফেল হাসপাতালে পরিদর্শন শেষে হেঁটে সিঁড়ি দিয়ে নামার সময় নিচতলায় শ’খানেক নেতাকর্মী দাঁড়িয়ে  মেডিকেল কলেজের মাটি, আ জ ম নাছিরের ঘাঁটি- এই ধরনের বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

নওফেল গাড়িতে বসে তাদের ডাকলেও তারা সেখানে দাঁড়িয়ে স্লোগান দেন। পরে তিনি গাড়ি থেকে নেমে সামান্য এগিয়ে যান। তখন ছাত্রলীগের নেতাকর্মীরাও স্লোগান বন্ধ করে কাছে আসেন।

নওফেল তাদের বলেন, আমি এখানে রাজনীতি করার জন্য আসিনি। নির্বাচনে তোমরা আমার জন্য অনেক কষ্ট করেছ। তোমাদের ধন্যবাদ। যেকোনো প্রয়োজনে আমার কাছে আসবে। ভালো করে পড়ালেখা করবে। পরে নওফেল গাড়িতে উঠে চলে যান।

এদিকে বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও নগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেয়রপন্থী ফয়সাল ইকবাল চৌধুরী শনিবার সকালে ফেসবুকে স্ট্যাটাস দেন। এতে তিনি লিখেন, চট্টগ্রামের চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের অভিভাবক একজন-ই আছেন। দ্বিতীয় কেউই হওয়ার অপচেষ্টা করবেন না।

এরপর দুপুরে আরেকটি স্ট্যাটাসে তিনি স্বাচিপের নেতাকর্মীদের হাসপাতালে দায়িত্ব পালন না করে কোথাও যেতে নিষেধ করেন। বিএমএ ও স্বাচিপের নেতাদের কয়েকজন বলেছেন, চমেকে নওফেলের আসার খবরে অস্বস্তি থেকে ফয়সাল ইকবাল ফেসবুকে সোচ্চার হয়েছেন।

এই বিষয়ে জানতে চাইলে ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, স্ট্যাটাসগুলো আমি উনাকে (নওফেল) নিয়ে দিইনি। আমাদের ডাক্তারদের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে দিয়েছি। তবে উনি যে আসবেন, সেটা বিএমএ এবং স্বাচিপকে জানানো হয়নি। আমরা কেউই জানতাম না। আমাদের জানিয়ে আসা উচিৎ ছিল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.