জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলাম, ফিরে আসাটা অলৌকিকঃ কাদের
সিটি নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলাম, আমার আজ এই জায়গাটায় আসা এটা অলৌকিক বিষয়। আড়াই মাস আগে অসুস্থ হয়ে পড়ি। তখন অনেকেই আশা ছেড়ে দিয়েছিলেন। আমি বেঁচে থাকব, এটা কেউ আশা করেনি। আল্লাহর রহমত ও সকলের দোয়ায় আপনাদের মাঝে ফিরে এসেছি।
আজ শনিবার (২৫ মে) গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফেরেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলাম। দেশবাসীর দোয়া আপনাদের সকলের দোয়া, আল্লাহর অশেষ রহমত। মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মায়ের মতো, সেদিন যে ভূমিকা পালন করেছিলেন, তার প্রতি আমার ঋণের কথা বলে গেলাম।
ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে ৩টি সেতুর চার লেনে উন্নীতকরণ এবং উত্তরবঙ্গের গেটওয়ে টাঙ্গাইল-গাজীপুর। গাজীপুর এবং চট্টগ্রাম মহাসড়কে প্রতিটি ঈদেই মানুষের ভোগান্তির অন্ত ছিল না। আজকে এই ৩টি সেতুর চার লেনে আপগ্রেডেশনে আমার বিশ্বাস যাত্রা স্বস্তিদায়ক হবে বললেন কাদের।
তিনি আরও জানান, টাঙ্গাইলের দিকেও সাংঘাতিক যানজট লেগে থাকত। ৫০/৫২টি রেল চলাচলের কারণে সেখানে যানজট লেগেই থাকত। চন্দ্রাতেও আমরা পরিবর্তন এনেছি। সেখানেও ফ্লাইওভার হয়েছে। কোনাবাড়ি ফ্লাইওভার নীরবেই হয়ে গেছে। এর আগে কোন পাবলিসিটিও ছিল না। বাংলাদেশের সবচেয়ে বড় ফ্লাইওভার কোনাবাড়ি ফ্লাইওভার। চন্দ্রার পথে আরও পাঁচটি ফ্লাইওভার আগামী বছর নির্মাণ কাজ শেষ হবে।
