দারিদ্র্যতা দশ শতাংশের নিচে নিয়ে আসা হবেঃ তথ্যমন্ত্রী
সিটি নিউজঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার বিভিন্ন আর্থসামাজিক কার্যক্রম গ্রহণ করে দারিদ্র্য বিমোচনে কাজ করছে। সরকারের পদক্ষেপের কারণে দারিদ্র্য সীমা ২০০৮ সালের ৪১ শতাংশ হতে বর্তমানে ২০ শতাংশে নেমে এসেছে। আগামী জাতীয় নির্বাচনের পূর্বে এ দারিদ্র সীমা ১০ শতাংশের নিচে নামিয়ে নিয়ে আসা হবে।
আজ শনিবার (২০ জুলাই) তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা কমপ্লেক্স ভবনে তাঁর ঐচ্ছিক তহবিল হতে হতদরিদ্র ও দুস্থদের আর্থিক অনুদান, এডিপি’র অর্র্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ক্রীড়া সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এসময় ২৬১ জন দুস্থ ব্যক্তির মধ্যে ১০ লক্ষ টাকা, ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং ২০ সেট ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
তথ্যমন্ত্রী বলেন, অতীতের মত বর্তমানে মানুষকে পঁচা বাসী খাবার খুঁজতে দেখা যায় না। দেশের অনেক উপজেলা ভিক্ষুকমুক্ত হয়েছে। সরকারের ভিশনারি পরিকল্পনা বাস্তবায়নের কারণে দেশ বর্তমানে খাদ্য উদ্বৃত্তের দেশে উন্নীত হয়েছে।
জনাব হাছান মাহমুদ মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করার নির্দেশ দিয়ে বলেন, ডিজিটাল বাংলাদেশ বিষয়ে শিক্ষার্থীদের আরো পরিচয় ঘটাতে হবে। ক্রীড়া সামগ্রী দিয়ে নিয়মিত ক্রীড়াচর্চা করতে হবে। নেতাকর্মীদের বন্যায় দূর্গত মানুষের পাশে থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, এ এলাকায় ইতোমধ্যে ৮০ টন জি.আর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরো বরাদ্দ নিয়ে আসা হবে। বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দ্রুত মেরামত ও সংস্কার করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো. খলিলুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার বক্তৃতা করেন।
