যারা গুজব ছড়াচ্ছে তাদেরকে ধরিয়ে দিন : প্রধানমন্ত্রী
সিটি নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন দেশবাসীর প্রতি। কাউকে অপরাধী মনে হলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে সহযোগিতা করারও আহ্বান জানিয়েছেন তিনি। আপনাদের আশে পাশে যারা গুজব ছড়াচ্ছে তাদেরকে ধরিয়ে দিন। পত্র-পত্রিকার কাছে অনুরোধ থাকবে অহেতুক সত্য তথ্য না জেনে খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের এক বিশেষ সভায় লন্ডন থেকে ফোনে বক্তব্য দেয়ার সময়ে এই আহ্বান জানান তিনি। সভায় তার বক্তব্যটি মোবাইল ফোনের মাধ্যমে স্পিকারে সংযুক্ত করে শোনানো হয়।
ডেঙ্গু প্রতিরোধে সারা বাংলাদেশে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন সমাজ- ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ শীর্ষক ৩ দিনব্যাপী কর্মসূচি শুরু করছে আওয়ামী লীগ। আগামী ৩১ জুলাই, ২ ও ৩ আগস্ট বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে সারাদেশে পরিচ্ছন্নতা কর্মসূচি চলবে এর প্রস্তুতি হিসেবে এই সভা করলো দলটি।
শেখ হাসিনা আরো বলেন, ‘আমি আহ্বান জানাবো গুজবে আপনারা কান দেবেন না। আইন নিজের হাতে তুলে নেবেন না। যদি কোন মানুষকে অপরাধী মনে হয়, তাকে হত্যা করবেন না, তাকে পুলিশে সপর্দ করুন। তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’
