সিটিনিউজবিডি : সপ্তাহব্যাপী সারাদেশ থেকে জাতীয় আয়কর মেলা-২০১৫ শেষে ২ হাজার ৩৫ কোটি ৩২ লাখ টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতবছরের তুলনায় ৩৬০ কোটি ৩২ লাখ টাকা বেশি রাজস্ব আদায় করা হয়েছে এবারের মেলায়। সেই সঙ্গে এই সাতদিন ধরে সারাদেশে সেবা গ্রহণ করেছেন ৭ লাখ ৫৭ হাজার ৭৫৪ করদাতা। এদিকে চট্টগ্রামের সাত দিনের আয়কর মেলায় আদায় হয়েছে ৪৮২ কোটি টাকার, যা গতবারের চেয়ে ১৩০ কোটি বেশি।
১৬ থেকে শুরু হওয়া মেলা শেষে আজ মঙ্গলবার রাতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এ তথ্য নিশ্চিত করেন। রাজধানীর অফিসার্স ক্লাব এবং সাতটি বিভাগসহ দেশের বিভিন্ন জেলার উপজেলায়ও এই আয়কর মেলার আয়োজন করা হয়েছিল। মেলার আজ শেষ দিনেই আদায় হয় ৩৯৪ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ১৩২ টাকা।
সৈয়দ এ মু’মেন জানান, এর আগে মেলার প্রথমদিন আদায় হয়েছিল ১৫৩ কোটি ২০ লাখ ১ হাজার ৯৬২ টাকা, দ্বিতীয় দিন আদায় হয়েছিল ৫২৬ কোটি ৭৮ লাখ, তৃতীয় দিন আদায় হয়েছিল ২২৩ কোটি ৬ লাখ, চতুর্থ দিন আদয় হয় ১৯৩ কোটি ৩ লাখ টাকা এবং পঞ্চম দিন সারাদেশ থেকে আদায় হয়েছিল ২৪১ কোটি ৭৬ লাখ ৭ হাজার ২৮৯ টাকা এবং ষষ্ঠ দিন সারাদেশ থেকে ৩০২ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৩৯৭ টাকা আয়কর আদায় করা হয়।
অবশ্য গত বছরের আয়কর মেলায় (২০১৪-১৫) রাজস্ব আদায় হয়েছিল ১ হাজার ৬৭৫ কোটি টাকা।

