চট্টগ্রাম মহিলা হোস্টেল পরিদর্শনে প্রতিমন্ত্রী ইন্দিরা
সিটি নিউজ,চট্টগ্রাম : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা ২৮ আগস্ট বুধবার চট্টগ্রাম কর্মজীবী মহিলা হোস্টেল পরিদর্শন করেন।
এসময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, অতিরিক্ত সচিব মো. রফিফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিপ্তরের মহাপরিচালক বদরুন্নেছা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অঞ্জনা ভট্টাচার্য, মহিলা হোস্টেলের সহকারী পরিচালক মোছা. রোকেয়া বেগম ও মিরকারিদম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিন উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, সরকার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে নারীদের সবক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছেন। কর্মজীবী নারীদের কর্মক্ষেত্রে ও আবাসনে নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, শহরাঞ্চলে কর্মজীবী মহিলাদের আবাসন সুবিধা বৃদ্ধির জন্য সরকার নতুন নতুন আধুনিক মানের হোস্টেল নির্মাণ করছে। হোস্টেলের নানা উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নারীদের নিরাপত্তা, ব্যবহৃত আসবাবপত্র, হোস্টেলে খাবারের মান উন্নয়ন এবং নান্দনিক পরিবেশে রাখতে সরকার বিশেষ সতর্ক রয়েছে।
চট্টগ্রাম কর্মজীবী মহিলা হোস্টেল এলাকায় অব্যবহৃত জমিতে আবাসন সুবিধা বৃদ্ধির জন্য বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার।
এর পূর্বে প্রতিমন্ত্রী কর্ণফুলী নদীতে নির্মানাধীন বঙ্গবন্ধু টানেল প্রকল্প এলাকা পরিদর্শন করেন। সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারসহ প্রকল্পের উর্ধতন কর্মকর্তাগণ প্রতিমন্ত্রীর সাথে ছিলেন। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু টানেলের কাজ সম্পন্ন হলে চট্টগ্রামসহ বাংলাদেশের উন্নয়নের দ্বার আরো প্রশস্ত হবে। তিনি আরো বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা রয়েছে। বঙ্গবন্ধু টানেলের কাজ শেষ হলে চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহনে দ্রুত পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
