শুভেচ্ছা সফরে জাপানের দুই যুদ্ধ জাহাজ চট্টগ্রাম বন্দরে

0

চট্টগ্রাম, সিটি নিউজ : চট্টগ্রাম বন্দরে তিনদিনের শুভেচ্ছা সফরে এসে পৌঁছেছে জাপান মেরিটাইম সেলফ্ ডিফেন্স ফোর্সের (জেএমএসডিএফ) দুটি যুদ্ধ জাহাজ । রোববার ৬ আক্টোবর বেলা সাড়ে ৩টার দিকে দুটি যুদ্ধ জাহাজ ‘মাইন সুইপার টেন্ডার বাঙগো’ ও ‘মাইন সুইপার কোস্টাল তাকাসিমা’ বন্দরের সাইলো জেটিতে নোঙর ফেলে। জাহাজ দুটিতে অফিসার ও নাবিকসহ সর্বমোট ২০৫ জন ক্রু রয়েছেন।

জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের (জেএমএসডিএফ) দুইটি যুদ্ধ জাহাজ ‘বানজো’ ও ‘তাকাশিমা’ শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনীর জাহাজ ‘দুর্জয়’ তাদের অভ্যর্থনা জানায়।

রোববার (০৬ অক্টোবর) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় জাহাজ দু’টি। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজ দুইটিকে স্বাগত জানায়।

পরে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন সৈয়দ হেলাল হোসেন জাহাজ দুইটির অধিনায়কদের ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের প্রতিনিধিসহ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, বাংলাদেশে অবস্থানকালে জাহাজ দুইটির অধিনায়ক এবং বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের প্রতিনিধিরা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া, সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্রজয়’, বাংলাদেশ নেভাল একাডেমি, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিস (এসএমডব্লিউটি), বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটিসহ নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল ‘আশার আলো’ এবং চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক পর্যটন এলাকা পরিদর্শন করবেন।

তিন দিনের শুভেচ্ছা সফর শেষে জাহাজ দুইটি মঙ্গলবার (০৮ অক্টোবর) বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.