স্কাইপাওয়ার সৌর বিদ্যুতে ৪৩০ কোটি ডলার বিনিয়োগ করবে

0

অর্থবাণিজ্য ডেস্ক : সৌর শক্তি উৎপাদনে বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে সফল কোম্পানিগুলোর একটি স্কাইপাওয়ার গ্লোবাল বাংলাদেশের সৌর বিদ্যুৎ খাতে ৪.৩ বিলিয়ন বা ৪৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে।

নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার হোটেল ওয়াল্ডর্ফ এস্টোরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যানডিং (বিসিআইইউ)-এর এক গোলটেবিল আলোচনাকালে কানাডাভিত্তিক বহুজাতিক এই কোম্পানির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেরি এডলার একথা ঘোষণা করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আগামী চার বছরের মধ্যে বাংলাদেশে ২০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য একটি প্লান্ট স্থাপনে বিনিয়োগ করতে কোম্পানিটি সম্মত হয়েছে।

প্রধানমন্ত্রীর জন্মস্থান টুঙ্গীপাড়ায় কোম্পানির কার্যালয় স্থাপন করা হবে। কোম্পানী ৪২ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এছাড়া এই কোম্পানি বাংলাদেশের ১৫ লাখ বাড়িতে ব্যবহারের জন্য বাতি দিবে।

সভায় প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ করার জন্য ব্যবসায়ীদের আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের বিকাশমান বিনিয়োগ সম্ভাবনাগুলোর কথা তুলে ধরেন।

তিনি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পেতে সমর্থন করার জন্য বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যানডিং (বিসিআইইউ) এর প্রতি আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, তার সরকার জনগণের খাদ্য নিরাপত্তা ও মৌলিক চাহিদা নিশ্চিত করেছে।

তিনি বলেন, “আমরা এখন অবকাঠামো উন্নয়ন এবং কিভাবে কৃষি উৎপাদন বৃদ্ধি করা যায় তাতে গুরুত্ব দিচ্ছি।”

তিনি বলেন, উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি খাতে এখন দেশি-বিদেশি উৎস থেকে বিনিয়োগের প্রয়োজন এবং বিশেষ করে আইসিটি, গ্যাস ও বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি বলেন, তাই, বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য দরজা খোলা রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.