অর্থবাণিজ্য ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট পাঁচ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দরে পুনরায় আমদানি ও রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
ভারতীয় পণ্যবাহী ট্রাক সোমবার সকাল সাড়ে ১১টা থেকে এ বন্দরে প্রবেশ করতে থাকে। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ড এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবুল কাশেম আজাদ জানান, ঈদুল আজহা উপলক্ষে ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ ছিল। সোমবার সকাল সাড়ে ১১টা থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে বন্দরে পুনরায় কার্যক্রম শুরু হয়।
হিলি শুল্ক বিভাগের সমস্ত কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। বন্দরের শ্রমিকরা তাদের কাজে যোগ দিয়েছেন বলেও জানান তিনি।
তবে আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পথে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানান হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি রফিকুজ্জামান।
