পটিয়ার সন্তান আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
সুজিত দত্ত পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ার সন্তান বিদ্যুৎ মন্ত্রাণালয়ের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় ড. আহমদ কায়কাউসকে বদলি করে এই আদেশ জারি করে।
ড. আহমদ কায়কাউস চট্টগ্রামের পটিয়া পৌর সদরের সুচক্রদন্ডী গ্রামের মরহুম আহমদ কায়কোবাদের সন্তান ও বাংলা সাহিত্যের অমর দিক পাল মুনষি আবদুল করিম সাহিত্য বিশারদের দোহিত্র। তিনি চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।
এদিকে একই দিনে পৃথক এক প্রজ্ঞপনে প্রধানমন্ত্রীর বর্তমান মুখ্য সচিব নজিবুর রহমানকে অবসর দেয়া হয়েছে। ৩০ ডিসেম্বর তার বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরিবিধি মোতাবেক তাকে অবসর দেয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।
ড. আহমদ কায়কাউস ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগে ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগদান করেন। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি পদোন্নতি পেয়ে তিনি একই বিভাগের সচিব ও পরে সিনিয়র সচিব হন।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের উইলিয়ামস কলেজ থেকে ডেভেলপমেন্ট ইকোনমিকসে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন আহমদ কায়কাউস। পরে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসি অ্যান্ড পলিটিক্যাল ইকোনমির ওপর পিএইডি ডিগ্রি অর্জন করেন।
ড. আহমদ কায়কাউস ১৯৮৬ সালের ২১ জানুয়ারি ৮৪ ব্যাচের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কাজ করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগেও কাজ করেছেন তিনি। তিনি বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা পরিষদের (ইপিআরসি) চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
