দুই ব্যাংকের ৬ পরিচালককে কেন্দ্রীয় ব্যাংকের নোটিশ

0

অর্থবাণিজ্য ডেস্ক : ব্যাংক কোম্পানি আইন লঙ্ঘন করে দুটি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হওয়ায় ছয়জনকে কারণ দর্শাতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে ওই ছয়জনকে কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান বলেন, একই সঙ্গে দুইটি আর্থিক প্রতিষ্ঠানের পদে বহাল থাকার বিষয়টি জানতে চেয়ে রুবেল আজিজ, মেহেরুন হক, হোসেন মেহমুদ, আজিজ আল কায়সার, হোসেন খালেদ এবং শহিদুল আহসানকে কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়।

চিঠিতে ওই ছয়জনকে আগামী ১৫ দিনের মধ্যে, যে কোনো একটি পদ ছাড়তে বলা হয়েছে।

রুবেল আজিজ, মেহেরুন হক, হোসেন মেহমুদ, আজিজ আল কায়সার, দ্য সিটি ব্যাংক লিমিটেড ও আইডিএলসি ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে রয়েছেন।

এদের মধ্যে আজিজ আল কায়সার দুটি কোম্পানিরই পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি জিএফসি ফাইন্যান্স লিমিটেড নামে আরেকটি প্রতিষ্ঠানেরও পরিচালক।

আর ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হোসেন খালেদ একই সঙ্গে দ্য সিটি ব্যাংক লিমিটেডের পরিচালক ও বাংলাদেশ ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

অপরজন শহিদুল আহসান একই সঙ্গে মার্কেন্টাইল ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

আইন অনুযায়ী, কোনো ব্যক্তি একটা ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকলে একই সঙ্গে অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকতে পারেন না।

একাধিক প্রতিষ্ঠানে থাকার কারণে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (সংশোধিত ২০১৩) এর ২৩(১)(ক) উপধারা অনুযায়ী ব্যাখ্যা চেয়ে এ চিঠি পাঠানো হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.