প্রকাশক দীপন হত্যাঃ ৮ জঙ্গীর মৃত্যুদন্ড

0

সিটি নিউজ ডেস্কঃ ঢাকায় জাগৃতি প্রকাশনের স্বত্তাধীকারী প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যার দায়ে সব (৮ জন) আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (১০ ফেব্রুয়ারী) আট আসামির মধ্যে ছয় জনের উপস্থিতিতে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন- জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রধান ও বরখাস্ত হওয়া মেজর সৈয়দ জিয়াউল হক, আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আবদুল্লাহ, মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, আবদুস সবুর সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে সাদ, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার, শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের।

এর মধ্যে মেজর সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আবদুল্লাহ পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় বাকি ছয় আসামি আদালতে ছিলেন।

আদালতের সরকারি কৌঁসুলি গোলাম সরোয়ার জাকির রায়ের পর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে জানান, আজ বেলা ১১টার দিকে মামলার ছয় আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে নিয়ে আসা হয়। এর কিছু পরে মামলার রায় দিতে এজলাসে বসেন বিচারক।

এ সময় আদালতে ফয়সল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। গত ২৪ জানুয়ারি মামলায় রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল।

২০১৫ সালের ৩১ নভেম্বর আজিজ সুপার মার্কেটের নিজ কার্যালয়ে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় দীপনের স্ত্রী রাজিয়া রহমান জলি রমনা থানায় হত্যা মামলা করেন।

২০১৮ সালের ১৫ নভেম্বর আলোচিত এ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ফজলুর রহমান আট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপরে মামলাটি সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে বদলির নির্দেশ দেন বিচারক। পরের বছর ২০১৯ সালের ১৩ অক্টোবর ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

দীপন হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান স্ত্রী রাজিয়া রহমান। রায় ঘোষণা শেষে আদালত প্রাঙ্গণে দীপনের পরিবার
দীপন হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান স্ত্রী রাজিয়া রহমান। রায় ঘোষণা শেষে আদালত প্রাঙ্গণে দীপনের পরিবার

এদিকে প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান স্ত্রী রাজিয়া রহমান। রায় ঘোষণার পরই কান্নায় ভেঙে পড়েন দীপনের স্ত্রী রাজিয়া রহমান।

তিনি সাংবাদিকদের কাছে বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট। তবে যারা এখন পর্যন্ত পলাতক রয়েছে তাদের যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। আর রায় যেন দ্রুত কার্যকর হয়।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.