হেফাজত নেতা মামুনুলের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রলীগ নেতা বহিষ্কার
সিটি নিউজ ডেস্ক: ‘শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত’ থাকার অভিযোগে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা মো. ফয়েজ উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৫ এপ্রিল) রাতে ‘শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত’ থাকার অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিসোর্ট থেকে হেফাজত নেতা মামুনুল হককে নারীসহ আটকের পর সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন তার ফেসবুক আইডি থেকে মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দেন। সেখানে তিনি হেফাজত নেতা মামুনুল হককে কেন ছাত্রলীগ সম্মান দিতে জানে না এমন প্রশ্ন তুলেন। এছাড়া ছাত্রলীগের কর্মীদের লোক দেখানো রাজনীতি বন্ধ করার জন্যও আহ্বান জানান। পরে সংগঠন বিরোধী কার্যক্রমে তার বিরুদ্ধে সমালোচনা শুরু হলে সোমবার বিষয়টি আমলে নেয় কেন্দ্র। পরে জরুরি সিদ্বান্ত নিয়ে তাকে বহিষ্কার করা হয়।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দিপঙ্কর কান্তি দে বলেন, শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় কেন্দ্রের সিন্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। সে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিল। দলের এমন দায়িত্বশীল পদে থেকে মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দেওয়া তার উচিত হয়নি। শুধু তাই নয় সে ছাত্রলীগের কর্মীদের অসম্মান করার জন্যই এমন কঠিন সিদ্ধান্ত নেয় কেন্দ্র।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
সিটি নিউজ/ এসআরএস
