স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে শুরু হতে যাওয়া শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের সব খেলা সরাসরি সম্প্রচার করবে দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাইন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ঢাকা আবাহনী ও করাচি ইলেকট্রিক ক্লাবের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে এ আন্তর্জাতিক টুর্নামেন্টের।
চ্যানেল নাইনের চট্টগ্রাম ব্যুরো প্রধান এজাজ মাহমুদ জানান, এম এ আজিজ স্টেডিয়াম থেকে প্রথম রাউন্ডের ১২টি খেলা, ২টি সেমি ফাইনাল ও ফাইনাল খেলা সম্প্রচার করবে চ্যানেল নাইন। দেশ বিদেশের সকল দর্শক এ খেলা উপভোগ করতে পারবেন।
আন্তর্জাতিক মানের সম্প্রচারের জন্য চ্যানেলের হেড অব প্রোগাম তানভীর খানের নেতৃত্বে ৪০ সদস্যের একটি বিশেষজ্ঞ দল সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানান তিনি।
চট্টগ্রাম আবাহনী লিমিটেডের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক এ টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পৃষ্ঠপোষকতায় আছে সাইফ পাওয়ারটেক।
