সিটি নিউজ : বাংলাদেশে নভেল করোনাভাইরাস প্রতিরোধী টিকার বিষয়ে সিদ্ধান্ত কাল। গত কয়েকদিনের রোগী শনাক্তের সংখ্যা এবং মৃত্যু পরিসংখ্যান দেখলেই করোনা কতটা ভয়ংকর বোঝা যায়। গত এক সপ্তাহ ধরে দৈনিক মৃত্যু একশ’র উপরে।
এ পরিস্থিতিতে টিকা প্রয়োগ কখন জানতে অনেকেই উদ্বেগে রয়েছেন। সর্বশেষ গতকাল মর্ডানা ও সিনোফার্মের মোট ৪৫ লাখ ডোজ টিকা দেশে এসে পৌছেছে। সব মিলিয়ে এখন টিকার মজুদ প্রায় ৫৬ লাখ ১৯ হাজার ডোজ। আবারো গণপরিসরে টিকা প্রয়োগ শুরুর কথা ভাবছে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের সুত্র জানা যায়, শুক্রবার রাত থেকে গত শনিবার সকাল পর্যন্ত আলাদা চারটি বিশেষ ফ্লাইটে ৪৫ লাখ ডোজ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছায়। এর মধ্যে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে এসেছে মডার্নার ২৫ লাখ ও বাণিজ্যিক চুক্তির আওতায় চীন থেকে কেনা সিনোফার্মের ২০ লাখ। এর আগে গত বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন,এ দফার ৪৫ লাখ ডোজ টিকা হাতে পাওয়ার পর বাংলাদেশে আবারো গণটিকা কার্যক্রম শুরু করবে। তবে কবে নাগাদ এ কার্যক্রম শুরু হবে তা তিনি নিশ্চিত করে বলেননি।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, কীভাবে,কোথায় ও কাদের উপর এ টিকা প্রয়োগ করা হবে সে বিষয়ে আগামীকাল মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক বৈঠক থেকে সিদ্ধান্ত নেয়া হবে।বৈঠকে সিদ্ধান্তের পর বিস্তারতি জানানো হবে।
সিটি নিউজ/ জি.এস
