অর্থবাণিজ্য ডেস্ক :: চাল আমদানির ক্ষেত্রে শুল্ক ১০ শতাংশ থেকে বৃদ্ধি করে ২০ শতাংশ করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় মঙ্গলবার দুপুরে তিনি এ কথা জানান।
কামরুল ইসলাম বলেন, আগে চাল আমদানির ক্ষেত্রে কোনও শুল্ক ছিল না। পরে আমরা ১০ ভাগ শুল্ক আরোপ করেছি। কিন্তু তারপরও চাল আসছে। এখন আমরা এই শুল্ক আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। অর্থমন্ত্রী মহোদয় আমাকে জানিয়েছেন এটা ১০ ভাগ থেকে বাড়িয়ে ২০ ভাগ করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।
বর্তমান সরকারকে কৃষিবান্ধব দাবি করে খাদ্যমন্ত্রী বলেন, আমার নেপালে চাল রপ্তানি করছি। নেপালে ভূমিকম্পের সময় সাহায্য হিসেবে চাল পাঠিয়েছি। এখন আফ্রিকার দেশগুলোতে চাল রপ্তানির বাজার খোঁজা হচ্ছে।
তিনি বলেন, পাকিস্তান আমলের সোনালী আঁশ আজকে কি অবস্থা হয়েছে? ৭৫-এর পরে যে সরকারগুলো এসেছে তারা পাট শিল্প ধ্বংস করেছে। এই পাট শিল্প বাঁচাতে হলে পাটকলগুলো বাঁচিয়ে রাখতে হবে। আপনাদের সাময়িক অসুবিধা হলেও পাটের বস্তা ব্যবহার করতে হবে।
সমিতির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার, এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রমুখ।
